ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঋণের বোঝা বইতে না পেরে গতকাল সোমবার ভোরে হাসিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। পুলিশ, ওই নারীর পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিনা বেগম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের সোহরাব শেখের স্ত্রী।
এলাকার কয়েকজন জানান, পার্শ্ববর্তী ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে (গ্রামের একাংশ পৌর এলাকার অন্তর্ভুক্ত) হাসিনা বেগমের জামাতা মোকছেদ শেখের বাড়ি। গতকাল ভোরে ওই বাড়ির পেছনের একটি আমগাছের সঙ্গে বাঁধা রশিতে হাসিনা বেগমকে ঝুলতে দেখে তাঁর নাতি সোহাগ চিৎকার করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদল খান জানান, হাসিনা এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। অভাবের কারণে ছেলে এলাকায় অনেকের কাছ থেকে বহু টাকা ঋণ করে দুই মাস ধরে নিখোঁজ। ছেলের ঋণ পরিশোধ করতে ও নিজের সংসার চালাতে হাসিনা বেগম নিজের নাম, মেয়ে, মেয়ের জামাইসহ বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, ব্যুারো বাংলাদেশ, কেকেএসসহ আরও কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এভাবে তিনি কমপক্ষে চার লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই টাকার সুদসহ কিস্তি তিনি কোনোভাবেই পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারেরা বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে গিয়ে হানা দিতে থাকেন। গত রোববারও বাড়িতে না পেয়ে পাওনাদারেরা তাঁর মেয়ের বাড়িতে গিয়ে তাঁকে শাসিয়ে আসেন। গতকাল ভোররাতে তিনি আত্মহত্যা করেন।
গোয়ালন্দ ঘাট থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) ফরিদ আহাম্মেদ হাসিনা বেগমের পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।