ঋতুরাজ বসন্তকে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের আগমনী বার্তায় প্রাণের খেলায় মেতে উঠেছিল রঙিন তারুণ্য। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিনোদন কেন্দ্র—সবখানেই ছিল রঙিন বসন্তের উচ্ছ্বসিত ছোঁয়া। রংবেরঙের শাড়ি, হাতে রঙিন চুড়ি আর মাথায় গুচ্ছ ফুল গুঁজে তরুণীরা সেজে ছিলেন অন্য রকম সাজে। ছেলেরা পরেছিলেন রঙিন পাঞ্জাবি। রঙিন প্রকৃতিতে উতলা তারুণ্য যেন আনমনে গেয়ে উঠেছিল ‘মনেতে ফাগুন এলো গুনগুনিয়ে’।
পয়লা ফাল্গুনের আগমনী বার্তায় গতকাল শনিবার প্রাণের কলরব আর তারুণ্যের এমন রঙিন উচ্ছ্বাসের চিত্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা ও বগুড়ার সর্বত্র। প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণের মূল আয়োজন ছিল চারুকলা অনুষদকে কেন্দ্র করে। দিনব্যাপী সেখানে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। পাশাপাশি চলে পিঠা উৎসব। সেখানে স্থান পায় বাহারি নাম আর স্বাদের পিঠা। সকালে অতিথি হিসেবে উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক টি এম এম নুরুল মোদ্দাসের চৌধুরী। এরপর সেখানে সারা দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের ঢল নামে চারুকলা প্রাঙ্গণে। বসন্তবরণ করে নিতে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
দিনভর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আড্ডা-গল্পে মেতেছেন নতুন আবেশে। বসন্তবরণে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন, বরং আশপাশের স্কুল-কলেজ থেকেও অনেককে আসতে দেখা গেছে।
বগুড়া: সকাল থেকেই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিরাজ করছিল অন্য রকম উৎসবমুখর পরিবেশ। মেয়েরা রংবেরঙের শাড়ি আর রঙিন ফুলে ফুলে নিজেকে সাজিয়ে আর ছেলেরা রঙিন পাঞ্জাবি পরে ক্যাম্পাস আড্ডায় মেতে ওঠেন। এই রঙিন আড্ডার সুযোগ হাতছাড়া করেননি প্রাক্তন শিক্ষার্থীরাও। অনেকেই বন্ধুদের সঙ্গে হাতে হাত রেখে কলেজ ক্যাম্পাসে হেঁটেছেন, কেউ ক্যাম্পাসের নিরিবিলি চত্বরে বসে আড্ডা দিয়েছেন।
বসন্ত উৎসবের সঙ্গে ক্যাম্পাসে অমর একুশের বইমেলা আর সরস্বতী পূজার আয়োজন থাকায় প্রাণের উচ্ছ্বাস ছিল আরও বেশি। কেউ বইমেলায় এসে আনন্দ করেছেন, কেউ নাগরদোলায় চড়েছেন। সরকারি আজিজুল হক কলেজে দিনব্যাপী বসন্তবরণ উৎসবের আয়োজন করে কলেজ থিয়েটার। এ উপলক্ষে ক্যাম্পাসে বের হয় বসন্তবরণের রঙিন শোভাযাত্রা। পরে কলেজ চত্বরের মুক্তমঞ্চে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম।
উৎসবে ছিল বসন্ত কথন, বসন্তের গান, কবিতা, নৃত্যানুষ্ঠান এবং ফিউশন বাউল। শেষে ক্যারেন চাপেলের রচনা ও শোভন চন্দ্রের নির্দেশনায় পাথর নাটক মঞ্চস্থ হয়।
পাবনা: সকালে পাবনা জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ‘বসন্ত জাগ্রত দ্বারে’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বিভিন্ন গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
একই সময়ে পাবনার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কয়ার স্কুল অ্যান্ড কলেজে বসন্তবরণের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। এ ছাড়া পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, বইমেলা উদ্যাপন পরিষদ ও পাথফাইন্ডার আইসিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে।