রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে চারুকলা বিভাগের উদ্যোগে এ আয়োজন। ঋতুরাজকে স্বাগত জানাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও গতকাল বর্ণিল সাজে সজ্জিত হয়ে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করেন। উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ডালপাকুয়ান, পুষ্পকলি, পাটিসাপটা, ছাঁচ, নকশি, তেল, অর্ধচন্দ্র, আখিয়া, তারা, শামুক, ভাপাপুলি, দুধখই, সুজি গোল্লা, রসচিতই, বরফি, মালপেয়াসহ শতাধিক রকমের পিঠা স্থান পায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ ও আধুনিক গানসহ বিভিন্ন ধরনের সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি হয়। উপাচার্য বলেন, ‘আবহমান কাল ধরে বাঙালি সংস্কৃতিতে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে সুষ্ঠু ও সুন্দরভাবে লালন-পালন ও ধারণ করতে পারি।’