ঋতুস্রাবকে নিষিদ্ধ বিষয় হিসেবে না ভাবার আহ্বান

প্রথম আলোর গোলটেবিল বৈঠকের আলোচকেরা বলেছেন, বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে এই স্বাভাবিক প্রক্রিয়াটিকেই নিষিদ্ধ বিষয় (ট্যাবু) হিসেবে ভাবা হয়। ফলে এ নিয়ে শুরু হয় রাখঢাক। সচেতনতার অভাবে এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয় না। ফলাফল হিসেবে জরায়ু মুখ ও প্রজনন অঙ্গে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয়। যার দীর্ঘমেয়াদি কুফল বয়ে বেড়াতে হয় সারা জীবন। তাই এ বিষয়ে লজ্জা নয়, কথা বলতে হবে। নিজে সচেতন হতে হবে। অন্যদেরও সচেতন করতে হবে।
আজ শনিবার সমাজে প্রায় নিষিদ্ধ বলে বিবেচিত বিষয়টি নিয়েই প্রথম আলো গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বেসরকারি সংগঠন ওয়াটার এইড বাংলাদেশের সহায়তায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল বৈঠকের আলোচকেরা মাসিক নিয়ে কথা বলা শুরু করার পাশাপাশি মাসিক ব্যবস্থাপনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারীদের জন্য আলাদা টয়লেট, টয়লেটে সাবান, পানি, ঢাকনাযুক্ত ময়লা ফেলার বাক্স এবং সচেতনতা তৈরিতে জাতীয় পর্যায়ে ক্যাম্পেইনের প্রয়োজনীয়তার কথাও বলেন। নোংরা ও পুরোনো কাপড়ের পরিবর্তে সহজলভ্য ন্যাপকিন বা প্যাড সরবরাহ বাড়াতে বেসরকারি সংগঠনের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান আলোচকেরা। আর এসব কার্যক্রম পরিচালনার জন্য সরকারকে বিনিয়োগও করতে হবে।
বৈঠকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন রিসার্চ গ্রুপের প্রধান লিয়ানে ইউনিকমব অপ্রকাশিত একটি সমীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন। ওয়াটার এইডসহ বিভিন্ন সংগঠনের সহায়তায় দেশব্যাপী করা সমীক্ষার তথ্য অনুযায়ী, কিশোরী ও বয়স্কদের মাত্র এক-তৃতীয়াংশ মাসিক হওয়ার আগেই মাসিক সম্পর্কে জানতে পেরেছে। মাসিকের সময় বেশির ভাগই পুরোনো কাপড় ব্যবহার করে। এক-পঞ্চমাংশেরও কম ঠিকমতো মাসিকের কাপড় পরিষ্কার করে, রোদে শুকায় এবং ভালো জায়গায় সংরক্ষণ করে। স্কুলপড়ুয়া মেয়েদের অর্ধেকই স্কুলে নারীবান্ধব অবকাঠামো এবং নিরাপত্তার অভাবে মাসিকের কাপড় পরিবর্তন করতে পারে না। প্রায় অর্ধেক কিশোরীই মাসিকের সময় স্কুলে যেতে পারে না। তাদের কমপক্ষে তিন দিন স্কুল কামাই করতে হয়। শিক্ষক, এনজিও বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারছে মাত্র ৬ শতাংশ। ৪৮ শতাংশ বয়স্ক, ৩৮ শতাংশ কিশোরী এবং ৭৪ শতাংশ স্কুলপড়ুয়া মেয়ে মনে করে, মাসিকের সময় কাজ বন্ধ রাখতে হয়। স্কুলপড়ুয়া ৪১ শতাংশই জানিয়েছে, গত ছয় মাসে তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে।
বৈঠকের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিলে পরে সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় চিকিত্সকের পেছনে খরচ কমে যাবে। ফলে পরিবার ও রাষ্ট্র অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচবে। প্রতিমন্ত্রী মাসিক সম্পর্কে অসচেতনতার কারণে আর্থিকসহ অন্যান্য শারীরিক কী কী ক্ষতি হচ্ছে, তা নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা বলেন, সরকারের মোট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১২ শতাংশ নারী। এই কর্মীদের মাসের সাত দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পরিষ্কার এবং পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকার কারণে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার পিছিয়ে আছে। ডিসি অফিস বা সচিবালয়ের নারীদের জন্য টয়লেট-ব্যবস্থা এখনো ততটা উন্নত হয়নি। তবে সরকারের বিভিন্ন পরিকল্পনায় এবং নতুন ভবন তৈরিতে নারীদের জন্য আলাদা টয়লেট ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে।
জীবনব্যাপী স্বাস্থ্য ঝুঁকি: প্রসূতি ও মাতৃস্বাস্থ্য নিয়ে কর্মরত পেশাজীবীদের সংগঠন ওজিএসবির সভাপতি লতিফা শামসুদ্দিন বলেন, নির্দিষ্ট সময়ে মাসিক না হওয়াও সমস্যা। মাসিকের ব্যবস্থাপনা না থাকায় স্কুলশিক্ষকেরা পর্যন্ত মানসিক সমস্যায় ভোগেন। পরিবারে মা-বাবা সন্তানদের এ বিষয়ে সচেতন করেন না। ফলে তারা একটি ভীতির মধ্য দিয়ে
বিষয়টিকে মোকাবিলা করে। স্কুলে মাসিক হলে বন্ধুরা হাসাহাসি করে। বাসায় মাসিকের কাপড় ধোয়ার জন্য আলাদা জায়গা থাকে না। সেই কাপড় শুকানোর সময়ও সতর্কতা, যাতে কেউ দেখে না ফেলে। ব্যাকটেরিয়াযুক্ত এ কাপড় ব্যবহারে জরায়ু মুখ ও প্রজনন অঙ্গ সংক্রমণের শিকার হয়। এতে ভবিষ্যতে সন্তান না হওয়া, মৃত সন্তানের জন্ম দেওয়া বা বারবার গর্ভপাত হতে পারে।
সরকারকে এগিয়ে আসতে হবে, বিনিয়োগ করতে হবে: ওয়াটার এইডের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, সরকারি পর্যায়ে মাসিক সম্পর্কে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইনের জন্য সরকারের বিনিয়োগ থাকতে হবে।
সোশাল মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) তছলিম উদ্দিন খান বলেন, মাসিক নিয়ে সচেতনতা জরুরি। সচেতনতার পাশাপাশি আচরণ পরিবর্তনের দরকার হয়। আর আচরণ পরিবর্তনের জন্য নোংরা কাপড় ব্যবহারের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এ ন্যাপকিন সহজলভ্য এবং হাতের নাগালে পেতে হবে। আর এ ক্ষেত্রে সরকার যেহেতু স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে না, তাই যেসব সংস্থা এটি তৈরি করছে তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে।
ব্র্যাকের অ্যাডভোকেসি ইউনিটের পলিসি স্পেশালিস্ট নাদিয়া আফরিন শামস বলেন, ছেলে শিশুকেও মাসিক সম্পর্কে সচেতন করতে হবে। তাকে বলতে হবে, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মা, বোন বা মেয়ে সহপাঠীর মাসিক হয়। এ সময় লজ্জার কিছু নেই।
এজেন্ডায় আনতে হবে: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং) পরিচালক দিদারুল আলম বলেন, ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে মাসিকের বিষয়টি সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবইতে প্রজনন-স্বাস্থ্য নিয়ে বলা হয়েছে। তবে শ্রেণিকক্ষে শিক্ষকেরা কতটুকু পড়াচ্ছেন, তা একটি বড় প্রশ্ন।
ওয়াটার এইডের পরিচালক (প্রোগ্রাম) হাসিন জাহান বলেন, বর্তমানে মেয়েদের নয় থেকে ১১ বছরের মধ্যেই মাসিক শুরু হচ্ছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে বিষয়টি নিয়ে কোনো কার্যক্রম নেই। এ স্তরের পাঠ্যপুস্তক কারিকুলামেও কিছু বলা হয়নি। তারা বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের ট্রমার মধ্যে না পড়ে, তার জন্য এই বয়সকে টার্গেট করে বিভিন্ন কার্যক্রম নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের (মাতৃ ও নবজাতক স্বাস্থ্য) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার চিকিত্সক নাসিমা খাতুন বলেন, অধিদপ্তরের স্কুল হেলথ প্রোগ্রাম আছে। তবে এ প্রোগ্রামেও মাসিকের কথা বলা হয় না। বিষয়টিকে এজেন্ডার মধ্যে আনতে হবে।
দাতা সংস্থা ডিএফআইডির স্বাস্থ্য এবং জনসংখ্যা উপদেষ্টা শেহলীনা আহমেদ বলেন, মা সন্তানকে সচেতন করবেন, কিন্তু সেই মায়েরও এ বিষয়টি সম্পর্কে তেমন ধারণা নেই। এ সময়ের কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে কার কাছে বা কোথায় যাবে, তা-ও জানার উপায় নেই। তাই এ বিষয়ে গার্ল গাইড, গণমাধ্যমসহ বিভিন্ন মিডিয়া ব্যবহার করে ঘরে ঘরে তথ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।