ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজশাহী নগরের মিয়াপড়ায় অবস্থিত হোমিওপ্যাথিক কলেজের ঋত্বিক ঘটক মিলনায়তনে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির আয়োজনে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শিক্ষাবিদ ফজলুল হক, চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর, কবি রুহুল আমিন প্রামাণিক, সাংবাদিক হাসান মিল্লাত প্রমুখ।
সংবর্ধিত গুণীজনেরা হলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, চলচ্চিত্র নির্মাতা খন্দকার মানজারে হাসীন মুরাদ, অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং কবি ও গবেষক তসিকুল ইসলাম রাজা। অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসান আজিজুল হক বলেন, ‘আমি বাস্তববাদী মানুষ। বাস্তবতাকে বদলানো যায়। তাই আমি সব সময় আশাবাদী। আমি লেখক হয়েছি এ জন্যই যে আমি কারও কাছে মাথা বেচব না। একজন শিল্পীকে কিছুতেই ভীতসন্ত্রস্ত করা যায় না।’