ঋষিপল্লিতে হামলা পরিকল্পিত, ধর্ষণের কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির সংসদ নির্বাচনে তাঁরা ভোট দিতে যাননি। তার পরও ভোট দেওয়ার ‘অপরাধে’ তাঁদের বাড়িতে হামলা হয়েছিল। দুই নারী শিকার হন গণধর্ষণের। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামে ঋষিপল্লিতে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মফিজ গাজী ও সাহাবুদ্দিন শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে। এলাকায় তাঁরা দুজন বিএনপির সমর্থক বলে পরিচিত।
১৬ ও ১৭ জানুয়ারি যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আমিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৬৪ ধারায় ওই জবানবন্দি নেন। আদালত সূত্র জানিয়েছে, জবানবন্দিতে মফিজ ও সাহাবুদ্দিন বলেছেন, তাঁরা ৭ জানুয়ারি মধ্যরাতে ঋষিপল্লির দুই পরিবারে হামলা চালান। এই দুই পরিবারের মধ্যে আত্মীয়তা রয়েছে। হামলার একপর্যায়ে দুই নারীকে গণধর্ষণ করা হয়। জবানবন্দিতে সাহাবুদ্দিন ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে মফিজ বলেছেন, তিনি ধর্ষণ করেননি। ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
মফিজ গাজী তাঁর স্বীকারোক্তিতে বলেন, ‘৭ তারিখ সন্ধ্যায় জামায়াত-বিএনপির লোকজন ঢাকুরিয়া বাজারে বসে মিটিং করে সিদ্ধান্ত নেয়, মালাউনরা ভোট দিতে গেছে। ওদের বাড়িতে অ্যাটাক করতে হবে।’
জবানবন্দিতে বলা হয়, ঢাকুরিয়া বাজারে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা দুই দলে ভাগ হয়ে হামলা চালান। এ সময় হামলাকারীদের একটি অংশ পরিবারের অন্য সদস্যদের রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। কাউকে কাউকে মারধরও করে। অপর অংশ ধর্ষণ করে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের দুজনসহ মোট নয়জনের নাম এসেছে। শিহাবের স্বীকারোক্তি অনুযায়ী, বাকি সাতজন হলেন সোহরাব, রেজাউল, ইলিয়াস, সিদ্দিক, আবু তাহের, সাইফুল ও আলিম। কিন্তু মফিজের স্বীকারোক্তিতে আবু তাহেরের নাম নেই। তিনি আবু তাহেরের পরিবর্তে ঋষিপাড়ার এক যুবক উত্তমের নাম বলেছেন।
এই অভিযোগে পুলিশ উত্তমকে গ্রেপ্তার করেছে। ঋষিপাড়ার লোকজন বলছেন, মফিজ সুদে টাকা খাটান। উত্তম কয়েক মাস আগে মফিজের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। এই নিয়ে মফিজ ও উত্তমের মধ্যে কয়েক দফা দ্বন্দ্ব হয় এবং সে জন্য উত্তমকে ফাঁসাতে চাইছেন তিনি।
ধর্ষণের ঘটনায় ১০ জানুয়ারি মনিরামপুর থানায় মামলা হয়। এতে মফিজ, সাহাবুদ্দিনসহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।
এই দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন ঋষিপল্লিতে আদৌ কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘ওরা সবকিছু বাড়াইয়া বলে, ঋষি সম্প্রদায় যেখানে যে ঘটনা ঘটে, সেটাকেই তিল থেকে তাল করে বলে।’ তিনি বলেন, ‘একটি রাজনৈতিক অঙ্গন থেকে ওদের বলা হয়েছে এ জিনিসটা হইলে এখানে প্রচুর টাকা আসবে, টিনের ঘর আসবে, অমুক-তমুক পাবে।’
কেউ নিজের সম্ভ্রমহানির কথা প্রচার করে ত্রাণ চাইতে পারে কি না জানতে চাওয়া হলে ওসি বলেন, ‘ওদের কাছে এইটা কোনো বিষয় না। ওদের কাছে এইগুলি হরহামেশা চলতে থাকে। ওই পাড়ায় শুধু না, ঋষি সম্প্রদায়ের যেখানে যারা আছে, ওরা এই জিনিসটাকে খুব হাইলি দেখে না। আপসে অনেক কিছুই তাদের হয়।’
ধর্ষণের শিকার দুই নারীর একজনের স্বামী বলেন, ‘ঘটনার পর আমরা কী করব তা বুঝতে পারতেছিলাম না। পরে ঠিক করি ভোর হলিই কাউরে না জানাইয়া বাড়ি ছাইড়ে চলি যাবানে। পুলিশরে জানানোর কথা ভাবিই নাই।’