ঋষিপাড়ার মহানায়কেরা
অপরাজেয় বাংলার পাদদেশে বসে সুমন দাস সেদিন ফিরে গিয়েছিলেন শৈশবে—রোগা পটকা সুমন। কখনো খেয়ে, কখনো না খেয়ে ছেঁড়া জামা পরে চলেছে স্কুলের পথে। আর তারই সমবয়সীরা চিৎকার করে ভেংচি কাটছে ‘এঁহ! মুচির ছেলে ব্যারিস্টার হবে।’
সুমন ব্যারিস্টার হননি। বলা ভালো, তিনি ব্যারিস্টার হতেও চাননি। তবে তিনি পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। সুমনের বন্ধু অর্জুন দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেশবপুরের ঋষিপাড়ার প্রথম প্রতিনিধি। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অর্জুন আর পিন্টু দাস। অর্জুন ফিন্যান্সে পড়ছেন, পিন্টু লেদার ইঞ্জিনিয়ারিংয়ে। এ মুহূর্তে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ঋষি সম্প্রদায়ের আরও ২৪ জন তরুণ-তরুণী লেখাপড়া করছেন ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ভূগোল, সংস্কৃত ও ভূ-তত্ত্ব বিভাগে।
মহাভারত-এর মহানায়ক ‘অর্জুন’। তিনি পুরুষোত্তম। বীর। যশোরের কেশবপুরের অর্জুন ও তাঁর বন্ধুরা এখন কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঝিনাইদহের ঋষিপাড়ার ‘মহানায়ক’। তাঁদের সবার জীবনের গল্প প্রায় একই রকম—‘ছোট্টবেলা থেকে ওরা জেনে এসেছে—ওরা আলাদা। ওদের সঙ্গে কেউ বসবে না। ওরা বাজারে সবার সঙ্গে বসে চা খেতে বা আড্ডা দিতে পারবে না। ওরা অচ্ছুত, অস্পৃশ্য। বংশপরম্পরায় ওরা সমাজের উঁচুতলার মানুষের দাস হয়ে থাকবে। জুতোই সেলাই করে যাবে। এক কামরার ঘরে মা-বাবা-ভাই-বোন—সবাই মিলে গাদাগাদি করে জীবন কাটিয়ে দেবে।’
৫ জুলাই অপরাজেয় বাংলার পাদদেশে বসে কথা হচ্ছিল অর্জুন দাস, সুমন দাস ও পূর্ণিমা দাসের সঙ্গে। মুঠোফোনে যোগ দেন শ্রীবাস দাসও। কথা বলে জানা গেল, বাঁধ ভেঙে ২৬ জন বেরিয়ে এসেছেন ঠিকই। কিন্তু বেশির ভাগ শিশু এখনো সেই একই রকম কষ্টে আছে। ঋষিপাড়ায় এখনো সন্তানকে স্কুলে পাঠানো বিলাসিতা—সমাজের উঁচুতলার লোকজনই শুধু ওদের নিয়ে ঠাট্টা করে না, আদৌ লেখাপড়ার প্রয়োজন আছে কি না সে নিয়ে এখনো সংশয় আছে খোদ ঋষি সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমন বলেন, ‘আমার দাদু শিবপদ দাসের মনে মানুষের প্রতি চরম অবিশ্বাস। শোষিত হতে হতে ওঁর মনটাই মরে গেছে। দাদু বলতেন, “তুই প্রাইমারি পাস করলেও ম্যাট্রিক পাস করবি না। কলেজ পাস দিলেও আর পড়তে পারবি না। জজ-ব্যারিস্টার হলেও কেউ চাকরি দেবে না।” দাদু চান পেটে ভাত জোগানোর বিদ্যাটা নাতি আগে আয়ত্ত করুক।’
ফিন্যান্স বিভাগের ছাত্র শ্রীবাস দাস বলছিলেন, ‘কী করে আগাবে সবাই? আমরা ছয় ভাই-বোন। ভাইয়েরা বাবার পেশা ছেড়ে নাপিতের কাজ করেন। বাবা ও ভাইয়ের কষ্টের টাকা দিয়ে আমি একলা লেখাপড়া শিখেছি।’ তবে অর্জুন, সুমন, শ্রীবাসসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ছেলে-মেয়েরা তাঁদের অগ্রজদের মতো ‘মানুষের’ প্রতি বিশ্বাস পুরোপুরি হারাননি। অর্জুন-সুমন কেশবপুরের কায়েমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ‘ওদের’ কষ্ট দেখে মনঃকষ্টে ছিলেন স্কুলের শিক্ষকেরাই। গুণকরকাঠি শাহ মো. ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সাহায্য করেছেন শ্রীবাসকে।’ অর্জুন বলেন, ‘কখনো কখনো স্কুলের শিক্ষকেরা ঘরের বাজারটাও করে দিয়েছেন। আমাদের সবাই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। এসএসসিতে জিপিএ-৫, এইচএসসিতেও। একটি মুঠোফোন কোম্পানির কয়েকজন কর্মকর্তা নিয়মিত নিজেদের বেতন থেকে আমাদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন।’
তবু ঋষিপাড়ার ‘মানুষের’ জন্য যতটুকু সমর্থন দরকার, তা জোটে না। ওঁদের স্বজনদের অনেকে মেধা আর প্রবল ইচ্ছে থাকার পরও লেখাপড়া করতে পারছে না শুধু টাকা নেই বলে। কেশবপুরের রনি দাস এমনই একজন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও রনি এখন জুট মিলে চাকরি করেন। অর্জুন-সুমন বাড়ি গেলে ছোট-ছোট ছেলেমেয়েদের নিয়ে বসেন। ওঁদের আশা—আঁধার একদিন কাটবে। ওঁরাই জাগাবে এলাকার পিছিয়ে পড়া মানুষজনকে।