যশোরের মনিরামপুর উপজেলার ঋষিপাড়ার দুই গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলের কাছের একটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন, মনিরামপুর উপজেলার চান্দুয়া গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে একলাস আলী বিশ্বাস (৩৫) ও ঢাকুরিয়া গ্রামের লতিফ ওরফে মনি মোল্লার ছেলে তবিদুল ইসলাম (৩৫)। পুলিশ বলেছে, তাঁরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পুলিশের ভয়ে তাঁরা প্রায় রাতেই ঋষিপাড়া এলাকায় রাত কাটাতেন। গতকাল ওই এলাকায় অভিযানে যাওয়া পুলিশদের দেখে তাঁরা কাপড়ে মুখ ঢেকে নছিমন গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলেন। তখন তাঁদের আটক করা হয়। এদিকে গতকাল সকালে ধর্ষণের শিকার দুই গৃহবধূর শারীরিক পরীক্ষার কাজ শেষ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোল্লা ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ করা হয়েছে। রোববার (আজ) সকালে প্রতিবেদন দেওয়া হবে।
এখনো কাটেনি শঙ্কা: মূল ঋষিপাড়া থেকে ১০০ গজের মতো দূরে মাঠের মধ্যে চার ঘর মানুষের বসবাস। সেখানে দুই ঘরে থাকতেন ধর্ষণের শিকার দুই বধূ। গতকাল সকালে এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনার পর ওই চার পরিবারই চলে গেছে।
একটি পরিবারের লোককে ঘর-দরজা ভেঙে সরিয়ে নিতে দেখা গেল। অন্য তিন পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ঘটনার পর নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রামের দুটি পাড়ার (ঋষিপাড়া ও নমশূদ্রপাড়া) অবিবাহিত তরুণী মেয়ে ও অল্পবয়সী গৃহবধূদের অন্য এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঋষিপাড়ায় ঢোকার মুখে এক চায়ের দোকানে গিয়ে বসতেই মাঝবয়সী দোকানিসহ কয়েকজন একটু নড়েচড়ে বসলেন। চোখে-মুখে তাঁদের অজানা আতঙ্ক, জিজ্ঞাসা। সাংবাদিক পরিচয় দিতে তাঁরা একটু সহজ হলেন। আলাপচারিতার এক ফাঁকে দোকানের পাশে মাছ ধরার ‘চারো’ বুনতে থাকা এক নারী বলে উঠলেন, ‘আমরা কি এ পাড়ায় থাকতি পারব? সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতি হচ্চে।’
পাহারা দিতে গেলেও হুমকি!: ঋষিপাড়া ও নমশূদ্রপাড়ার পুরুষেরা এখন রাতে ঘুমাচ্ছেন না। জানমাল রক্ষায় তাঁরা সারা রাত জেগে পাহারা দিচ্ছেন। ৮০ জন পুরুষের আটটি পাহারার দল করা হয়েছে। ছয়টি বিশেষ স্থানে ছয়টি দলে মোট ৬০ জন লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। আর দুটি দলের ২০ জন টর্চলাইট নিয়ে ঘুরে ঘুরে খোঁজ-খবর নেন। পাহারা দেওয়ার উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা এ গ্রামের উত্তর পাশের মেহগনি বাগান ও দক্ষিণের গমখেতে রাতে আশ্রয় নেন। ইতিমধ্যে তাঁরা পাহারাদারদের হুমকি দিয়ে বলেছেন, রাতে যেন বেশি টর্চ জ্বালানো না হয়।
সে রাতে কারা এসেছিল?: ধর্ষণের শিকার এক নারীর স্বামী প্রথম আলোকে বলেন, সে রাতে যারা এসেছিল তাদের সবার মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। তবে তাদের একজন বলেছিল, ‘তোর শ্বশুরবাড়ি থেকে যে মোবাইল সেটটা দেছে সেটা দে’। এতে মনে করা হচ্ছে সে নিজে স্থানীয় ব্যক্তি বা স্থানীয়দের পরিচিত হয়ে থাকতে পারে। এলাকাবাসীর ধারণা, স্থানীয়দের কেউ না কেউ সেদিন ধর্ষণকারীদের দলে ছিল। ওসি মীর রেজাউল হোসেন বলেন, ‘আমাদেরও ধারণা, ওই দলে স্থানীয় কেউ থাকতে পারে। মাঠের মধ্যে ওই চার ঘরের এক ঘরে প্রায় রাতেই জুয়ার আসর বসত। ঘটনার পর থেকে ওই ঘরে যে থাকত সে পলাতক রয়েছে।’ একই কথা জানালেন পাহারার উদ্যোক্তা। তিনি বলেন, ‘ধর্ষণের পরের দিন রাতে আমরা ওই ঘরের বারান্দায় অপরিচিত দুই লোককে দেখেছি। ঘরের মালিক অনিলকে আমরা সতর্ক করে দিই। পরদিন থেকে তাঁকে আর দেখা যায়নি।’ এলাকাবাসী জানিয়েছেন, এ ছাড়া মাঠে সেচ দেওয়ার শ্যালো মেশিনের টংঘরে কিছু লোকের আসা-যাওয়া ছিল। তাদের কেউও জড়িত থাকতে পারে বলে কারও কারও সন্দেহ। ওসি রেজাউলের দাবি, যেসব ক্লু (সূত্র) পাওয়া গেছে, তা ধরে তদন্ত চালালে ধর্ষণকারীদের শিগগিরই ধরে ফেলা যাবে।