এ অর্জন সবার
কোভিড মহামারির সময়টা নানা সংকটের মধ্যে পার করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের বিশ্বাস ছিল যে কোনো সংকট থেকেই সম্ভাবনার সৃষ্টি হয়। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা নানা উদ্যোগ নিয়েছি। সেটা প্রথম আলোর মূল পাতা, আলাদা ক্রোড়পত্র বা ম্যাগাজিন প্রকাশ করার মাধ্যমে। এতে যেমন উঠে এসেছে বিভিন্ন দিবসের কথা, তেমনি বাংলাদেশের নানা অর্জন এবং বিভিন্ন ইস্যুতে সচেতনতা তৈরির বিষয়টিও প্রাধান্য পেয়েছে।
করোনাকালীন সংকট উত্তরণে আমরা বিভিন্ন দিবস ধরে, নানা বিষয় যেমন: ডেঙ্গু সচেতনতা, ক্রেডিট কার্ডের ব্যবহার, শিক্ষা দিবস, বঙ্গবন্ধু টানেল, বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি, অটোমোবাইল খাত, এজেন্ট ব্যাংকিং ইত্যাদি নিয়ে মোট ১০৩টি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছি। সেসব উদ্যোগ আমাদের একটা নতুন আয়ের পথ দেখিয়েছে। আগামী দিনগুলোতে আয় বৃদ্ধির নতুন নতুন ক্ষেত্র কী হতে পারে—এই বিষয়ে একটা ধারণা তৈরি করেছে।
নানা উদ্যোগ নিতে গিয়ে বিজ্ঞাপনদাতাদের সন্তুষ্টির পাশাপাশি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা আমাদের আরও উদ্যোগী হতে সহযোগিতা করেছে। এই স্বীকৃতিকে শক্তি হিসেবে ধরে নিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই।