এ ই ন গ রে - দূ র গ্রা মে

শিশু একাডেমীতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের আনন্দ-বিনোদন দিয়ে উৎসাহিত করতে হবে। তাই সব শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবার ভূমিকা অপরিসীম। গত ২৭ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রাম পরিচালিত শিশু বিকাশকেন্দ্রের ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি শিশুদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হুকুম-দখল) রাব্বী মিয়া। বক্তব্য দেন শিশু একাডেমীর কর্মকর্তা জিএম আব্দুস সালাম, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম, কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক জেমস গোমেজ, শিশু একাডেমীর পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।
মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মতবিনিময়
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা। তাই মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিটি নেতা-কর্মীকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
২২ নভেম্বর সকালে নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এ মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নগর সভাপতি এস এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার রাশেদ মাহমুদ, সহসভাপতি মাসুদ খান, শফিকুল ইসলাম, মিলন মেহেদী, আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, গোলাম রসুল, মাহফুজুর রহমান, মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

‘যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে সরকার’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আবু সুফিয়ান বলেছেন, যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে মহাজোট সরকার। গ্রামীণ সড়ক সংস্কার করে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচিয়েছে।
২৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের পশ্চিম ঢেমশা ইউপি-ঢেমশা চৌধুরীহাট সড়কের নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার নুরুল কবির, ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদুল আলম, ঢেমশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবুল খায়ের, আহমদ কবির, নুরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, পশ্চিম ঢেমশা ইউপি-ঢেমশা চৌধুরী হাট সড়কটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৪০ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হবে।

বিএসআরএম ক্রিকেট দলের পরিচিতি সভা
সিজেকেএস করপোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩-এ অংশ নিচ্ছে বিএসআরএম। প্রতিষ্ঠানের ক্রিকেট দলের পরিচিতি সভা ও জার্সি উন্মোচন গত ২৬ নভেম্বর সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়, ক্রীড়া ব্যক্তিত্ব ও বিএসআরএম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন ও সিজেকেএস করপোরেট টুর্নামেন্টের চেয়ারম্যান আলী আব্বাস। অন্যদের মধ্যে বিএসআরএম গ্রুপের পরিচালক জোহাইর তাহের আলী, নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত, শোভন মাহবুব সাহাবুদ্দিন, শেখর রঞ্জন কর, নিখিল রঞ্জন দাশ, সাইদুল করিম, আবদুল হান্নান আকবর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
মৌলভি হাফিজুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান
মৌলভি হাফিজুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২২ নভেম্বর রাউজান ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান ক্লাব দাতা সদস্য মোহাম্মদ বোরহান উদ্দীন। প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির চাঁদপুরের ডিপো ব্যবস্থাপক মুসলেহ উদ্দীন মোহাম্মদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন রাউজান ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, মোহাম্মদ জাহেদুল আলম, আবদুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ আখতারুজ্জমান, রিদুয়ান চৌধুরী, মোহাম্মদ মহসিন আলী, জাহেদুল আনোয়ার প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করেন। বিজ্ঞপ্তি।
কক্সবাজারে সেব-এর নির্বাচন
সারা দেশের বাগদা চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর কার্যকরী পরিষদের নির্বাচন গত শুক্রবার কক্সবাজার শহরের কলাতলীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪২ ভোটারের মধ্যে ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নির্বাচন কমিশনার ছিলেন ইউনুস চৌধুরী।
নির্বাচিতরা হলেন সভাপতি মশিউর রহমান, সহসভাপতি এস এম শাহ আলম ও আবদুর রহিম চৌধুরী, মহাসচিব সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব শাহেদ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য রইচ উদ্দিন, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, মাহবুবর রহমান ও মো. আলী মাহফুজ। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
এইচআইভি ও এইডস বিষয়ে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
আশার আলো সোসাইটি, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ও ইপসার আয়োজনে মধুমিতা প্রকল্পের কর্মপরিচিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গত ২৩ নভেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইপসার প্রকল্প ব্যবস্থাপক ফারহানা ইদ্রিসের পরিচালনায় মতবিনিময় সভায় চট্টগ্রামের এইচআইভি ও এইডসের ঝুঁকি কমাতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসির প্রকল্প কর্মকর্তা সামসের উদ্দিন, আশার আলো সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী কাজী আরিফুর রহমান, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির কাউন্সেলর মাসুদ রানা, সাংবাদিক রাজেশ চক্রবর্তী, আরিচ আহমেদ শাহ, মিন্টু চৌধুরী, ইফতেখারুল ইসলাম, স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।
—নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
সাবেক সহসভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় উদ্বেগ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিজস্ব প্রতিবেদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি প্রদ্যুত শ্রী বড়ুয়াকে ঢাকার খিলগাঁও এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক আশরাফ রেজা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এটি কখনো কাম্য নয়।
গত বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকার খিলগাঁওয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় পিকেটাররা লাঞ্ছিত করেন প্রদ্যুত শ্রী বড়ুয়াকে। —চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মহিলা পরিষদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।
২৫ নভেম্বর বিকেলে সংগঠন কার্যালয়ে একটি পারিবারিক সালিসি বৈঠকের মাধ্যমে পক্ষের উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি রমা মুহুরি, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম, সাংগঠনিক সম্পাদক শিরিন আখতার, অধ্যাপিকা পূর্বা দাস, স্বাতী পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন নিলুফার জাহান। বিজ্ঞপ্তি।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আনন্দ আয়োজন
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিনা বাজার, জাদু প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস উদ্যাপন করে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন। গত ২২ নভেম্বর নগরের লায়ন ফাউন্ডেশন কমপ্লেক্সে এই আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এতে নগরের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়।
সকাল নয়টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল বিদ্যাপীঠ চারুলতার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে শিশুরা মেতে ওঠে নানা আনন্দ আয়োজনে। এতে অংশ নেয় প্রতিবন্ধী শিশুদের নিরাময় কেন্দ্র প্রয়াস ও লায়ন হাসপাতাল থেকে চিকিৎসা পেয়ে সুস্থ হওয়া শিশুরা।
শুরুতেই ‘প্রজাপতি মন মেলে পাখনা’ শিরোনামের গানের সঙ্গে নাচ পরিবেশন করে শিশুরা। এ ছাড়া ‘আকাশের দরজা খুলে দাও’ ও ‘পাখিদের ওই পাঠশালা’ শিরোনামের গানের সঙ্গে ছিল নাচ পরিবেশনা। এরপর একে একে ছড়া, কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতিয়ে রাখে তারা। সন্ধ্যায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় আনন্দমেলার। আয়োজন প্রসঙ্গে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম খান বলেন, ‘আমরা চেষ্টা করেছি বিশ্ব শিশু দিবসের প্রতিটি মুহূর্ত শিশুদের জন্য আনন্দময় করে তুলতে।’
—আলোকিত প্রতিবেদক
ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলা শাখার সম্মেলন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ১৮তম সম্মেলন গত ১৬ নভেম্বর সকালে পটিয়ার একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুজন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজল আহমদ। প্রধান বক্তা ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শুভ। আলোচক ছিলেন অধ্যাপক কানাই দাশ, শহীদুল ইসলাম ও শ্যামল দে।
বক্তব্য দেন রাশেদুল সামীর, আহসান হাবিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে সাম্প্রদায়িক অপশক্তি, বর্তমান বিরাজমান সংকট ও সহিংসতা থেকে মুক্ত করতে হলে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী করতে হবে।
সম্মেলনে সুকান্ত শীলকে সভাপতি ও সুজন দে কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
— পটিয়া প্রতিনিধি
বন্ধুসভা ক্রিকেট লীগে জয়যাত্রা জয়ী
জমজমাট আয়োজনে গত ২২ নভেম্বর শেষ হল বন্ধুসভা প্রিমিয়ার লীগ (বিএসপিএল)। প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে এতে অংশ নেন বন্ধুসভার বন্ধুরা। আটটি দলে ভাগ করা হয় বন্ধুদের। দলগুলোর নামকরণ করা হয় বিভিন্ন বাংলা চলচ্চিত্রের নামে। অংশ নেওয়া দলগুলো হল ‘জীবন থেকে নেয়া’, ‘মাটির ময়না’, ‘চোরাবালি’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘ওরা ছয় জন’, ‘গেরিলা’ ও ‘আলোর মিছিল’। এসব দলের দলনেতা ছিলেন হাবিবুর রহমান, শিহাব জিশান, মোহাম্মদ রুবেল, ফাহিম উদ্দিন, মোহাম্মদ ফারুখ, সঞ্জয় বিশ্বাস, আহমেদ রুমেল ও মোহাম্মদ সাঈদ। দলনেতারা এর আগে নিলামের মাধ্যমে বাছাই করেন খেলোয়াড়দের। এরপর শুরু হয় মাঠের লড়াই। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে ‘ওরা ছয়জন’ দলকে হারিয়ে বিজয়ী হয় ‘জয়যাত্রা’। এ আয়োজনের সমন্বয়কারী ছিলেন রাহাত আলী।
খাগড়াছড়িতে সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময়
খাগড়াছড়ি জেলা হাসপাতালে সেবার মানোন্নয়ন বিষয়ে সেবা গ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এক মতবিনিময় সভা ২৫ নভেম্বর সকালে হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি শাখার উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য মধুমঙ্গল চাকমা। বক্তব্য দেন অধ্যাপক সুধীন কুমার চাকমা, বোধিসত্ত দেওয়ান, হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা, পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ বিশ্বাস প্রমুখ। এতে রোগী ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
—খাগড়াছড়ি প্রতিনিধি