এ ই ন গ রে - দূ র গ্রা মে
‘আ.লীগ সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে’
রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বয়স্ক, বিধবা ভাতা চালু ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বহির্বিশ্বে।
তিনি ১৯ জানুয়ারি রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, মামুন মুহাম্মদ, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দীন, মো. শাহজাহান ও উপজেলা যুবলীগ সভাপতি এ কে এম আসাদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শীতার্ত ব্যক্তিদের কম্বল বিতরণ করেন।
বেসরকারি গণগ্রন্থাগার সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সভা
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি চট্টগ্রাম জেলা কমিটির বর্ষপূর্তি ও মতবিনিময় সভা সম্প্রতি চট্টগ্রাম গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কে এম নজমুল হক সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মোহাম্মদ হামিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর মোহাম্মদ জিল্লুর রহমান, ইউনেসকো ইডেন ক্লাবের সভাপতি নীল রতন দাসগুপ্ত, প্রকাশক শফিকুর রহমান প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অচ্যুত আনন্দ দে।
বক্তারা দেশের প্রত্যন্ত অঞ্চল আলোকিত করতে গণপাঠাগার প্রতিষ্ঠায় ধনাঢ্য ব্যক্তি, প্রতিষ্ঠানকে এগিয়ে আসা এবং সরকারকে সহযোগিতার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ইপসা ফ্লাইয়িং স্কোয়াডের মতবিনিময় সভা
ইপসা মধুমিতা প্রকল্পের উদ্যোগে ফ্লাইয়িং স্কোয়াডের লিগ্যাল সাপোর্ট ও অ্যালায়েন্স দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ২০ জানুয়ারি লালদিঘী পাড়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইপসার প্রকল্প ব্যবস্থাপক ফারহানা ইদ্রিসের পরিচালনায় সভায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, পেশাজীবী এবং আইনি সহায়তা দেওয়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা নির্যাতন প্রতিরোধে সামাজিক ও পারিবারিকভাবে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ সহায়তা প্রদানের আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।
এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের আর্থিক সহযোগিতায় ১৭ জানুয়ারি শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সাধারণ সম্পাদক শওকত হোসেন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. হাসান আহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর একরামুল হক, ফার্স্ট প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, শাহাজাহান সাজু ও শাহাবুদ্দীন চৌধুরী।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নগর ছাত্রদলের সমাবেশ
বিএনপির প্রতিষ্ঠাতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর ছাত্রদলের উদ্যোগে ১৯ জানুয়ারি সকালে ষোল শহর ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশের আয়োজন করা হয়। ছাত্রদলের নেতা এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ছাত্রদল নেতা মোহাম্মদ সিরাজ উদ্দিন, আবদুল হামিদ, তৌহিদুল ইসলাম, নূর উদ্দিন, নূর হোসেন, আক্তার হোসেন, রাজিবুল হাসান, মো. সরোয়ার, সোহেল ইসলাম, গোলজার হোসেন প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির উন্নয়নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিজ্ঞপ্তি।
বিশেষ ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সহিংসতার বিচারের দাবি
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের নানা স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নগরের বিভিন্ন সেরকারি উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের নেতারা। সভায় সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান বক্তারা।
১৮ জানুয়ারি প্রেসক্লাব চত্বরে ‘উন্নয়নকর্মীদের প্লাটফরম-চট্টগ্রাম’, সিএসডিএফ ও জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিএসডিএফের সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দীন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার নগর সম্পাদক এম নাসিরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী, নারীনেত্রী জেসমিন সুলতানা, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সদস্য সচিব অজয় মিত্র প্রমুখ। বিজ্ঞপ্তি।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি-জুন ২০১৪ সেশনে বিদ্যানগর ক্যাম্পাসে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পরিচিতি সভা ১৯ জানুয়ারি সহকারী অধ্যাপক মো. সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আহমদ সালাহ উদ্দিন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল হুদা শিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক মাইনুদ্দীন আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমন্বয়ক এ বি এম আবু নোমান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে টেবিল টেনিস প্রতিযোগিতা
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশের সিনিয়র ক্যাম্পাস ও কাতালগঞ্জ জুনিয়র ক্যাম্পাসে ২২ দিনব্যাপী ইন্টারক্লাস টেবিল টেনিস প্রতিযোগিতা ২০ জানুয়ারি শুরু হয়েছে। প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণী থেকে এ লেভেল পর্যন্ত চারটি বিভাগে ১৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বিভিন্ন বিভাগে ১২টি খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস টেবিল টেনিস কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, পরিচালক মো. জসীম উদ্দিন, ফিরোজ চৌধুরী, শিক্ষক মো. আবদুল করিম, টিংকু বড়ুয়া ও মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. শিহাবুল আনোয়ার। প্রতিযোগিতা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি।
স্নাতকোত্তর পরীক্ষায় কক্সবাজার সরকারি কলেজের সাফল্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালে অনুষ্ঠিত স্নাতকোত্তর শেষ পর্ব পরীক্ষায় কক্সবাজার সরকারি কলেজ ভালো ফল করেছে। এবারের সাফল্যে বাংলা বিষয়ে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে একজন, অর্থনীতিতে ৩৯ জনের মধ্যে সাতজন, রাষ্ট্রবিজ্ঞানে ৬৫ জনের মধ্যে ১২ জন ও হিসাববিজ্ঞানের ৭৮ জনের মধ্যে ৩৩ জন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।
কলেজ অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, বিগত যেকোনো বছরের তুলনায় এবার ভালো ফলাফল করায় সবাই খুশি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
জাকারিয়া চৌধুরী স্মৃতি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
মুক্তিযুদ্ধের সংগঠক, ডা. এ এম জাকারিয়া চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট নগরের শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন সমাজসেবক আজাদ নিজামুল। প্রয়াতের সন্তান আসহাব রসুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামাল খান সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব রকিবুল হক সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উল্লাস ক্লাবের সভাপতি চন্দন ধর ও শতদল ক্লাবের সাবেক সভাপতি সানোয়ার আলী।
বক্তব্য দেন নজরুল ইসলাম, আবু ফরহাদ, বাবুল দেব, জাহাঙ্গীর মুস্তফা, তৌহিদ আনোয়ার, হেলাল উদ্দীন, হুমায়ুন কবির, মোস্তফা কামাল প্রমুখ। টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেয়। বিজ্ঞপ্তি।
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন
সম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ২০ জানুয়ারি সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় লোকজনের পাশাপাশি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। সুজনের মহেশখালী উপজেলার সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, সুজনের জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
—মহেশখালী প্রতিনিধি