এ ই ন গ রে - দূ র গ্রা মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এমবিএ ১৯৯২-৯৩ ব্যাচের সতীর্থদের মিলনমেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৯৯২-৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় পুনর্মিলনী সতীর্থদের মিলনমেলা ২১ মার্চ ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা উৎসবে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, শিশুদের মজার খেলা, আনন্দ ভ্রমণ, স্মৃতিচারণা, আলোচনা সভা, কৌতুক, র্যাফল ড্র, ম্যাজিক শো, ব্যান্ডসংগীত ও ডিজিটাল অ্যালবামের মোড়ক উন্মোচন। সন্ধ্যায় উৎসবের সমাপনী পর্বে ১৯৯২-৯৩ ব্যাচের নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মীর মিজারুল কায়েস, মো. সালাউদ্দিন, অপরূপ আইচ, শফিউল আলম, সঞ্জয় প্রসাদ মল্লিক, মো. মামুনুর রশীদ, সাইদুল হোসেন, মো. তারেক-উজ-জামান, মো. মোস্তফা কামাল, সঞ্জয় দাশ, নিজামুল ইসলাম সরফী, শিমুল নন্দী, রাজীব কুমার সেন, মুহাম্মদ আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি।্র
নাছির খান ছড়ার ওপর কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন
উত্তর পাঠানটুলী ওয়ার্ডের নাছির খান ছড়ার ওপর কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন ২৪ মার্চ সম্পন্ন হয়েছে। উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। অন্যদের মধ্যে ওয়ার্ডের সদস্য আবদুল হালিম, সিরাজুল ইসলাম, মো. ইউসুফ, আলী আজগর, মুসলিম উদ্দিন, ফোরক আহমদ এবং সিটি করপোরেশনের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
কেন্দ্রীয় তপোবন আশ্রমের সুবর্ণ জয়ন্তী উৎসব
দোহাজারীর কেন্দ্রীয় তপোবন আশ্রম প্রতিষ্ঠার সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব ১৫ মার্চ শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমাধ্যক্ষ প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথির বক্তব্যে মহারাজ বলেন, যাঁরা সঠিক ধর্ম চর্চা করেন তাঁদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকে না। প্রত্যেক ধর্মের মধ্যে শান্তির কথা, সম্প্রীতির কথা বলা হয়েছে। সমাপনী দিনে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানমালায় আরও ছিল ধর্মীয় সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
৯ মার্চ উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক রূপেশ চন্দ্র চৌধুরী। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম রয়েছে। এ দেশে প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে থাকেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতা ইসরাত রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজল চৌধুরী ও দীপক চৌধুরী। বিজ্ঞপ্তি।
রাঙামাটিতে মতবিনিময় সভা
সরকারি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান
সামাজিক নিরীক্ষা কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় রাঙামাটিতে সরকারি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ৯ মার্চ সকাল ১০ টায় রাঙামাটি আউটার স্টেডিয়ামের আশিকা সম্মেলনকক্ষে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও হিলি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচএসডিও) এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুপ্র রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. ওমর ফারুক।
প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি বিনোদ শেখর চাকমা। বক্তব্য দেন রাঙামটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা এস এ এম নুরুল আবছার, সোশ্যাল অ্যাকশন সোসাইটির নির্বাহী পরিচালক ললিত সি চাকমা প্রমুখ।
সভায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ইসিজি মেশিনসহ প্রয়োজনীয় রোগ নিরূপণী যন্ত্রের ব্যবস্থা, নৈশকালীন জরুরি চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ও জরুরি চিকিৎসা কর্মকর্তার পদ সৃষ্টি, হাসপাতালে র্যামের ব্যবস্থা, প্রতিদিন কনসালটেন্টদের উপস্থিতি নিশ্চিত ও জেলার নদী পথের আটটি উপজেলায় ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
সভার শুরুতে সরকারি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক শিক্ষার ওপর পরিচালিত সামাজিক নিরীক্ষা কার্যক্রমের সার সংক্ষেপ উপস্থাপন করা হয়।
—নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আয়েশা শিমুর একক আবৃত্তি সন্ধ্যা মঙ্গলবার
আবৃত্তিশিল্পী আয়েশা শিমুর একক আবৃত্তি সন্ধ্যা ‘যতই ওপরে উঠি নীল’ আগামী ১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সার্সন রোডস্থ হাটখোলা গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি ।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কাফকোর নিরাপত্তাকর্মীদের মানববন্ধন
আনোয়ারার কর্ণফুলী ইউরিয়া সার কারখানা কোম্পানির (কাফকো) নিরাপত্তাকর্মীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গত বৃহস্পতিবার। উপজেলার কাফকো হাউজিং কলোনির সামনে এ কর্মসূচি পালিত হয়। কাফকোর নিরাপত্তাকর্মী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি হোছাইনুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলার নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন হিরু, বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্সের সদস্য সচিব লেয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য নুরুল আবছার। সভায় বেতন বাড়ানোসহ সাতটি দাবি তুলে ধরা হয়।
—আনোয়ারা প্রতিনিধি