এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতার উদ্যোগে তিন দিনের হস্তশিল্পবিষয়ক কর্মশালা
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতার উদ্যোগে হস্তশিল্পবিষয়ক তিন দিনের (২৪ থেকে ২৬ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালা প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুকূল ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থার ২০ জন নারী ক্ষুদ্র উদ্যোক্তা এতে অংশ নেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম। সভাপতিত্ব করেন মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মমতার পরিচালক স্বপ্না তালুকদার, মোহাম্মদ শাহরিয়ার, প্রশিক্ষক খালেদা আক্তার, প্রশিক্ষণ সমন্বয়কারী উত্তম বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্রমার কর্মশালা অনুষ্ঠিত
প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিবিষয়ক কর্মশালা গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রযোজনাপ্রধান শামসুদ্দিন হায়দার। প্রশিক্ষণে তিনি সংবাদ পাঠ ও সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ও স্বপন দাশ। সঞ্চালনা করেন মাহফুজ আহমেদ। বিজ্ঞপ্তি।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা

শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান—বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গত ২৮ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান। সভার আগে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করা হয়।
সভায় বক্তব্য দেন মহিউদ্দিন রাশেদ, জোবায়রা নার্গিস খান, সরোয়ার কামাল, নাজিম উদ্দিন, এইচ এম ইকবাল, আশেক রসুল খান, এম এম ফরহাদ আলী, নাজমীন সরোয়ার, মো. ওমর ফারুক, মো. কাশেম, পুলক পাল, খোরশেদ আলম, মো. মাঈনুল, মুহাম্মদ রাইসুল ইসলাম, মো. মাঈনুল ইসলাম, নয়ন কান্তি ধুম প্রমুখ। বিজ্ঞপ্তি।

পটিয়ার গৈড়ালারটেকে মহিলা পরিষদের উঠান বৈঠক
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর পটিয়ার গৈড়ালারটেক গ্রামে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৈড়ালারটেক শাখার সভাপতি ছুরত জাহান। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির।
বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসভাপতি শেলী দে, সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, সমাজের একটি গোষ্ঠী নারীসমাজকে মধ্যযুগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টা প্রতিহত করার জন্য মহিলা পরিষদকে আরও শক্তিশালী ও সংগঠিত করা প্রয়োজন।
নারী অধিকার আদায়ের আন্দোলনে মহিলা পরিষদের নেতৃত্বে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়। সভা সঞ্চালনা করেন নিলুফার জাহান। বিজ্ঞপ্তি।

এলোহা-এসসিবি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সঙ্গে অতিথিরা
এলোহা-এসসিবি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সঙ্গে অতিথিরা

এলোহা-এসসিবি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এলোহা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) যৌথ আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অতিথি ছিলেন শিল্পী সাফায়াত খান ও শিশু একাডেমীর চিত্রাঙ্কন প্রশিক্ষক সাইকা পারভিন। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ফেরদৌস হাসান।
বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য এলোহা দীর্ঘদিন ধরে কাজ করছে। তাদের সঙ্গে এসসিবি সম্পৃক্ত হওয়ায় কাজ আরও গতিশীল হবে। অনুষ্ঠানে এলোহার শিক্ষার্থীরা মানসাঙ্কের প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের অভিভূত করে। প্রতিযোগিতায় শ্রেয়ন্তী শ্রেষ্ঠা প্রথম, রাইম উমর সাদ দ্বিতীয় ও রত্নেশ্বরী দাশ তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলোহার পরিচালক আসাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিথিকা বসাক। বিজ্ঞপ্তি।

প্রাইম ব্যাংকের মদুনাঘাট শাখার উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবির
প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোগে ও প্রাইম ব্যাংক আই হসপিটালের (প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের একটি উদ্যোগ) পরিচালনায় গত ২৪ সেপ্টেম্বর মদুনাঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেড মদুনাঘাট শাখার প্রধান মো. নুরুল আমিনসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস কর্মশালা
ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের আয়োজনে আইইএলটিস-বিষয়ক দিনব্যাপী কর্মশালা গত ২৮ সেপ্টেম্বর আগ্রাবাদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের ধারণা ও পরামর্শ দেওয়া হয়। ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ এ ধরনের কর্মশালা প্রতি মাসে দুবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া শিগগির ‘স্পিকিং ওয়ার্কশপ’ শুরু করার পরিকল্পনাও করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত কর্মশালায় যোগ দিতে আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঠিকানা : ব্রিটিশ কাউন্সিল, ৯ম তলা, রফিক টাওয়ার, ৯২ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম। ফোন: ২৫৩০০১৫-১৭
ই-মেইল: [email protected] বিজ্ঞপ্তি।

তথ্যপ্রযুক্তি ছাড়া সভ্যতা স্থবির হয়ে যাবে
ইউনেসকো একাডেমিক ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী।
ইনোভেটিভ মাল্টিমিডিয়া ও ইউনেসকো একাডেমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট যৌথ উদ্যোগে সাধারণ মানুষের কাছে কম্পিউটার শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। ইনোভেটিভ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী সেলিনা হাইয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চিটাগাং লেডিস ক্লাবের সভাপতি জিনাত আজম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুরুল আমিন চৌধুরী, সাংবাদিক নাজিম উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, প্রকৌশলী শাহ মো. জিল্লুর রহমান, অধ্যাপক মো. বেলায়েত হোসেন, মো. জোবায়ের প্রমুখ।
প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তি ছাড়া মানবসভ্যতা স্থবির হয়ে যাবে। তাই বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সর্বস্তরের মানুষকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
সভায় ইনোভেটিভ মাল্টিমিডিয়ার কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টশন উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।

ডি-স্প্রাখে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক জয়ন্ত চৌধুরী
ডি-স্প্রাখে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক জয়ন্ত চৌধুরী

জার্মানির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে
‘উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জার্মানির প্রতি আগ্রহ দিন দিনই বাড়ছে।’ বলেছেন চট্টগ্রামে জার্মান ভাষা শিক্ষার প্রতিষ্ঠান ডি-স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। গত শনিবার বিকেলে নগরের জামালখানে ডি-স্প্রাখের কার্যালয়ে ‘উচ্চশিক্ষার্থে যাত্রা: চট্টগ্রাম থেকে জার্মানি, ভিসাপ্রাপ্তদের সঙ্গে কথোপকথন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
এ মাসে যাঁরা উচ্চশিক্ষার জন্য জার্মানি যাচ্ছেন, তাঁদের প্রস্তুতি বিষয়ে ধারণা দিতে এ ধরনের আয়োজন বলে জানায় ডি-স্প্রাখে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির ভিসা পাওয়া শিক্ষার্থী তৌসিফ বিন আলম, মো. রায়হান উদ্দীন, মো. সাইফুল আবেদীন, প্রসেনজিত বড়ুয়া, মো. ফিরোজ কালাম, তাওসীফ মাহমুদ ও মুহাম্মদ আনোয়ারুল নাজিম।
উল্লেখ্য, উচ্চশিক্ষার্থে জার্মানি যেতে আগ্রহীদের জন্য ডি স্প্রাখে কার্যালয়ে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয় গত ২৬ জুন। জার্মানিতে উচ্চশিক্ষাবিষয়ক যাবতীয় তথ্যের জন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ২ এপ্রিল www.facebook.com/Learngermanchittagong নামে ফেসবুকে একটি পেজও খোলা হয়েছে। বিজ্ঞপ্তি।