এ ঈদেও বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোট সরকারের আমলের একটি বিতর্কিত আদেশের কারণে সরকারের উন্নয়ন খাতে থাকা নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শতাধিক চিকিৎসক, নার্স ও কর্মচারী এ ঈদেও বেতন-ভাতা পাচ্ছেন না। কারণ, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত করতে না পারায় তাঁরা গত জুলাই মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। বর্তমানে প্রকল্পটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৩ সালে ১৬ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী শহরের বাসাইলে হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালটির নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ১৯৯৭ সালের জুলাইয়ের পর প্রকল্পের জনবল নিয়োগ ও বাস্তবায়ন করা হয়। বর্তমানে হাসপাতালটিতে ১৪৪টি পদের বিপরীতে ৯৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী কর্মরত রয়েছে।জোট সরকারের অর্থ মন্ত্রণালয় ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর আদেশ করে যে ‘১৯৯৭ সালের জুলাইয়ের পর সাকল্য বেতনে নিয়োগ পাওয়া উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের সুযোগ নেই। একইসঙ্গে উক্ত প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে যে বর্তমান সরকারি বিধি অনুযায়ী, ২০১১ সালের পর তাঁদের চাকরি অব্যাহত করার সুযোগ নেই।’ উক্ত আদেশের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের সম্ভব নয়। কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এ আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে বেশ কয়েকটি প্রকল্প উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে অনুমোদন করেন। তাই নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত কর্মচারীদের ভবিষ্যতের কথা চিন্তা করে গত বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদসহ জেলার চারজন সাংসদ হাসপাতালটি পরিদর্শন করেন। ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনও উপস্থিত ছিলেন। তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত জনবল রাজস্ব খাতে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু মন্ত্রীদ্বয়ের এই ঘোষণা আজও ঘোষণা হিসেবেই রয়ে গেছে।তাই চলতি বছরের জুন মাসে নির্ধারিত প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও মন্ত্রীদের আশ্বাসবাণী আঁকড়ে ধরে পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পেয়েও রাজস্ব খাতে স্থানান্তরের আশায় বিনা বেতন-ভাতায় চাকরি করে আসছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এ এন এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যাঁদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হাসপাতালটি আজ পূর্ণতা পেয়েছে, দীর্ঘ ১০-১২ বছর চাকরি করার পর চাকরি থাকবে না—এটা অমানবিক। তবে আমরা জানতে পেরেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়েছেন।’নরসিংদী ভারপ্রাপ্ত সিভিল সার্জন রমেশ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘শুনেছি জেলা হাসপাতালে কর্মরত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি সব প্রক্রিয়ার কাজ শেষ। শুধু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় মাত্র।’