এ উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ রেখে করা নির্বাচনী আচরণবিধি সংশোধনের খসড়া বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি মনে করে, জনপ্রতিনিধিত্ব আইনের এমন সংশোধনী গোটা নির্বাচন-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে ও নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চিত করবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি এ দাবি করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আচরণবিধি সংশোধনে নির্বাচন কমিশনের এ উদ্যোগ বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার আগুনে ঘি ঢেলেছে।’ তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এ সংশোধনী প্রস্তাব শুধু বৈষম্যমূলকই নয়; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ধারণার পরিপন্থী। এ সংশোধনী আরেকটি জাতীয় সংকটের জন্ম দেবে ও নির্বাচন কমিশনকে তীব্র জনরোষের মুখে ঠেলে দেবে।
নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর মনোনীত ২০ জন ব্যক্তিকে নিজ নিজ পদে বহাল রেখে রাষ্ট্রীয় পদ-পরিচয় ও নিরাপত্তা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রেখে আচরণবিধি সংশোধনী প্রস্তাব অনুমোদন করতে যাচ্ছে বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে। একটি দলকে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হলে তা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করবে। এর ফলে নির্বাচনী ফলও গ্রহণযোগ্য হবে না। বিএনপির এই নেতা বলেন, এ ‘অসাধু উদ্যোগ’ নিয়ে নির্বাচন কমিশন আরও বেশি করে সরকারের অনুগত ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, কমিশন এ প্রস্তাব প্রত্যাহার করে নিজেদের নিরপেক্ষতা রক্ষা করতে না পারলে তাদের উচিত হবে পদত্যাগ করা। তিনি নির্বাচন কমিশনকে এই ‘অপরিণামদর্শী’ ও ‘সর্বনাশা’ উদ্যোগ থেকে সরে আসারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।