
বইমেলা শেষে দুই বন্ধুর দেখা। মেলা থেকে প্রাপ্তি কী, তা নিয়ে দুজনের মধ্যে শুরু হলো টক শো! দুই বন্ধুর মধ্যে একজন চলে সুষ্ঠুপথে; অন্যজন চলে দুষ্টুপথে! সৎ স্বভাবের বন্ধুটি বলল, ‘বইমেলা আমাদের দেয় শিকড়ের সন্ধান; এর মাধ্যমে আমরা যেন আপন সংস্কৃতির সঙ্গে সেলফি তুলতে উজ্জীবিত হই!’
অন্য বন্ধুটি ভাবগম্ভীর কথাগুলো গম্ভীর ভঙ্গিতে শুনছিল। প্রথম বন্ধুর কথা শেষে সে বলল, ‘কিন্তু যা-ই বলিস, বইমেলা আমাকে দিয়েছে একটি স্মার্টফোন!’
‘বইমেলা দিয়েছে স্মার্টফোন—আনস্মার্টের মতো এসব কী বলছিস! তুই কি কারও ফোন চুরি করেছিস?’
‘ছিঃ ছিঃ, আমার সম্পর্কে তোর এই ধারণা?’
‘তোকে তো ছোটকাল থেকেই চিনি!’
‘বইমেলা থেকে ইনকাম করে মোবাইল সেট কিনেছি।’
‘তুই তো লেখক বা প্রকাশক না! কোনো স্টলেও তো দাঁড়াসনি! তাহলে ইনকাম হলো কীভাবে?’
‘বুদ্ধি থাকলে ইনকামও সম্ভব; কাজের আউটকামও সম্ভব!’
‘বুঝতে পেরেছি, বই মেরেছিস!’
‘আমার সম্পর্কে এসব কী বলছিস, দোস্ত!’
‘তা না হলে ইনকাম কীভাবে সম্ভব? তোকে তো ভেলপুরি বা ভুট্টা বেচতে দেখিনি; লিফলেট বিলি করতেও দেখিনি।’
‘থামবি? আসলে ইনকামের জন্য করেছিলাম এইচডি প্ল্যান।’
‘এইচডি প্ল্যান?!’
‘ইয়েস, এইচডি প্ল্যান; এর মানে হাই-ডেফিনিশন প্ল্যান! এইচডি সেলুন-পার্লার থাকতে পারলে এইচডি প্ল্যান থাকতে অসুবিধা কোথায়? এই প্ল্যানই আমার পকেটের স্বাস্থ্য সুগঠিত করেছে; একেবারে সিক্স প্যাক স্বাস্থ্যের পকেট!’
‘কীভাবে?!’
‘খুব সিম্পল! বইমেলায় গিয়ে বিভিন্ন বুকস্টল থেকে বইয়ের তালিকা অর্থাৎ ক্যাটালগ সংগ্রহ করেছি। নাদুস-নুদুস ক্যাটালগগুলো কালেক্ট করেছি প্রতিদিন। কখনো কখনো কাজ করেছি দুই-তিন শিফটে। অনেক সময় ওভারটাইমও করেছি। কষ্ট না করলে তো আর কেষ্ট মিলে না! গতকাল কেজি দরে সেসব বিক্রি করে সেই টাকা দিয়ে কিনলাম এই স্মার্টফোন!’
‘আমি হাসব না কাঁদব, বুঝতে পারছি না, দোস্ত। বইমেলা যদি কেউ এমন উদ্দেশ্য হাসিলের উপলক্ষ ভাবে, তাহলে তা সত্যিই দুঃখজনক।
তুই আরও একবার প্রমাণ করলি, মানুষ নিরুপায় না হলে বাথরুমের বদনা আর নিজের স্বভাব পাল্টায় না!’