এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইফেল উদ্ধার
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী গ্রামে আত্রাই নদীর ধার থেকে গত মঙ্গলবার দুপুরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক একটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার এসআই রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবাড়ী এলাকায় আত্রাই নদীর ধারে অভিযান চালানো হয়। এ সময় নদীর ধারে বালুর নিচে পুঁতে রাখা ওই রাইফেলটি পুলিশ খুঁজে পায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্ধান মেলেনি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।  দিনাজপুর অফিস

মাছ নিধন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামে গত মঙ্গলবার রাতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। পুকুরের মালিক বরুহা গ্রামের বাসিন্দা খাইরুল ঠাকুর। সরেজমিনে দেখা গেছে, ৬০ শতক পুকুরের পানিতে মরে ভেসে রয়েছে রুই, তেলাপিয়া, সিলভার কার্পসহ দেশীয় প্রজাতির নানা মাছ। খাইরুল ঠাকুরের বাবা নুরুজ্জামান ঠাকুর বলেন, ‘কেউ শত্রুতা করে আমার পুকুরে বিষ ঢেলে তিন লক্ষাধিক টাকা মূল্যের মাছ মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেছি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম বলেন, এমন ঘটনায় মাছের আলামত ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার বিধান রয়েছে।  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ডাকাত আটক
খুলনায় দুই নারী সদস্যসহ আট ডাকাতকে আটক করেছে খুলনা সদর থানার পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে নগর ও রূপসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগদ ৪৩ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, আটটি মুঠোফোন সেট ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।  খুলনা অফিস