এ ক ন জ রে
সড়ক অবরোধ
মোটরসাইকেলের ধাক্কায় আবদুল মজিদ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকায় সৈয়দপুর শহরে প্রবেশের প্রধান সড়ক ১৬ ঘণ্টার বেশি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। উল্লিখিত স্থানে সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে ওই অবরোধ করা হয়। ইউএনও মো. শফিকুল ইসলামের আশ্বাসের পর গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় গতিরোধকের নির্মাণকাজ শুরু হলে অবরোধ তুলে নেওয়া হয়। সৈয়দপুর শহরের প্রবেশের প্রধান সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আবদুল মজিদ শহরের নিয়ামতপুর চামড়া গুদাম অবাঙালি (বিহারি) ক্যাম্পের বাসিন্দা ছিলেন। সৈয়দপুর থানার ওসি মো. সহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। l সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
মানববন্ধন
পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল রোববার চৌরাস্তায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা। এর আগে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল নিয়ে তাঁরা শহরের চৌরাস্তায় জমায়েত হন। সেখানে ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি ফজলে ইমাম, সাংবাদিক ট্রাস্টের সভাপতি মনসুর আলী, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আহ্বায়ক নূর উস সাদিকসহ আবদুল লতিফ, সৈয়দ মেরাজুল হোসেন। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। l ঠাকুরগাঁও প্রতিনিধি