এ ক ন জ রে
বিক্ষোভ সমাবেশ
একতরফা নির্বাচনের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি মোখসেদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক প্রমুখ। l মানিকগঞ্জ প্রতিনিধি
কারখানায় আগুন
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার তারাটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার তৃতীয় তলায় গতকাল রোববার সকাল ১০টায় আগুন লাগে। শ্রমিকেরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, আশপাশে কোনো বৈদ্যুতিক বা অন্য কোনো বস্তু নেই, যা থেকে আগুন লাগতে পারে। নাশকতা সৃষ্টির জন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে। l টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
মাদকসহ গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত শনিবার রাতে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়দেবপুর থানাধীন বিন্দান ধোপাপাড়া এলাকার আইয়ুব আলী, তাঁর স্ত্রী মমতাজ বেগম ও টঙ্গীর হোসেন মার্কেট এলাকার মাকসুদা মোজাম্মেল রুমি। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।l গাজীপুর প্রতিনিধি