এ ক ন জ রে
লাশ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজের দুই দিন পর নাঈম মিয়া (১৫) নামের এক পাওয়ারলুম শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বাসাইল মহল্লার একটি নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম শহরের বাসাইল মহল্লার রিকশাচালক নোয়াব আলীর ছেলে। পুলিশ ও নাঈমের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাওয়ারলুম শ্রমিক নাঈম মিয়া বুধবার সকালে কারখানায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সে মাদকাসক্ত হতে পারে এবং নিকটতম বন্ধুবান্ধব কোনো কারণে তাকে হত্যা করতে পারে।
নরসিংদী প্রতিনিধি।
শিক্ষা উপকরণ
দাউদকান্দি উপজেলার ইছাপুরে গতকাল শুক্রবার সহস্রাধিক গরিব ও মেধাবী ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আলহাজ মো. শহিদুল ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিকন গ্রুপ ও লেকচার পাবলিকেশন লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।
ওরস
ছালাম শাহ ওরস মোবারক কাল রোববার কুমিল্লার মুরাদনগর থানাধীন রাজাবাড়ি গ্রামে অনুষ্ঠিত হবে। এতে ভক্ত ও আশেকানদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি।