এ ক ন জ রে
বোমা মেশিন
সুনামগঞ্জের চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর তোলা বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ২০টি বোমা মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়। অভিযান চলাকালে মেশিন রেখে এগুলোর মালিকেরা পালিয়ে যান।
সুনামগঞ্জ অফিস।
নির্বাচনী কার্যালয়
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দোয়াত-কলম প্রতীকের আখলাক হায়দারের স্থানীয় ফকির বাজারে স্থাপিত নির্বাচনী কার্যালয় গতকাল মঙ্গলবার ভাঙচুর হয়েছে। আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেনের লোকজন এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই প্রার্থীই আওয়ামী লীগের স্থানীয় নেতা। এ ব্যাপারে সাজ্জাদ হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।