এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ.লীগে যোগদান

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রউফ গতকাল শনিবার আওয়ামী লীগে যোগদান করেছেন। সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বৈঠকে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌরসভার কাউন্সিলর মো. সিরাজ মিয়া। এ সময় সাংসদ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কারাদণ্ড

কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইল গ্রামের বাসিন্দা শাহীন মিয়াকে গত শুক্রবার অসৌজন্যমূলক আচরণের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে শাহীনকে পুলিশে সোপর্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরহাদ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার উপজেলার বানাইল বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আহাদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন একই আদালত। থানার এসআই মোশাহেদ খান জানান, শাহীনকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি