এ ক ন জ রে
তৌকিরকে সংবর্ধনা
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪-এর দেশাত্মবোধক ও লোকসংগীত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে তৌকির আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তৌকিরের সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সংস্কৃতি অঙ্গন এ অনুষ্ঠান আয়োজন করে। প্রতিষ্ঠানটির সভাপতি গণেশ পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এ সময় উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, আতিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। l গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দালালমুক্ত করতে...
মেহেরপুর সদর হাসপাতালকে দালালমুক্ত করতে গত শুক্রবার অভিযান চালিয়েছে সদর থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ওই দিন সকালে হাসপাতালের জরুরি, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু আগেই খবর পেয়ে সটকে পড়ায় কোনো দালালকে আটক করা সম্ভব হয়নি। l মেহেরপুর প্রতিনিধি
লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের দেয়গাছা গ্রামের একটি পুকুর থেকে গত শুক্রবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের মা সন্দেহে পুলিশ এক নারীকে আটক করেছে। বোয়ালমারী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। l ফরিদপুর অফিস