এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের যানে...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি এলাকায় গতকাল শনিবার পুলিশের এক সদস্যের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান বলেন, থানার কনস্টেবল মতিয়ার রহমান গতকাল দুপুরে কয়েকটি মামলার সমনের চিঠি নিয়ে টিকরি এলাকায় যান। একপর্যায়ে রাস্তার পাশে মোটরসাইকেল রেখে এক বাড়িতে চিঠি দিতে যান। এই ফাঁকে তাঁর মোটরসাইকেলটি জ্বালিয়ে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

অগ্নিকাণ্ড

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে গেছে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা লাবলু হোসেন বলেন, বিকেল চারটার দিকে ওই গ্রামের জগবন্ধু রায়ের সেচপাম্পের ঘরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে ১০টি পরিবারের টিন ও খড়ের ৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। নীলফামারী প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন তাজমুল হুদা ওরফে রিপন ও আতোয়ার রহমান। বদলগাছী থানার ওসি শেখ আলমগীর হোসেন বলেন, গত শুক্রবার দুপুরে ওই দুজন বৌদ্ধবিহারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের একটি দল দুজনকে চ্যালেঞ্জ করলে তাঁরা পিস্তল থেকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ও জনতা ধাওয়া করে একটি পিস্তলসহ তাঁদের গ্রেপ্তার করে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি