এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীর দণ্ড
পটুয়াখালীর বাউফলে দবির উদ্দিন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান এ দণ্ড দেন। দবির উদ্দিন উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা। উপজেলার কালাইয়া বন্দরের দক্ষিণ পাশের সেতু এলাকায় গাঁজা বিক্রির সময় গাঁজাসহ দবিরকে আটক করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও দবির গাঁজাসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোকুল চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি পরিতোষ ব্যাপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক প্রমুখ।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

আলোচনা সভা
তথ্য অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে বাউফলে ‘দিন বদলের সাড়ে চার বছর: ভিশন-২০২১ অর্জনের সাফল্য সোপান’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন। বর্তমান সরকারের সাড়ে চার বছরের সার্বিক সাফল্য তুলে ধরে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান প্রমুখ।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

শ্রেষ্ঠ চেয়ারম্যান
ইউপি চেয়ারম্যান হিসেবে সমাজে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলকে শ্রেষ্ঠ ও সফল চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়েছে। গত সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে তাঁর হাতে মাদার তেরেসা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। নুরুল ইসলাম মণ্ডল জানান, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁকে মাদার তেরেসা পদক প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদেরও এদিন সম্মাননা জানানো হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি