এ ক ন জ রে
এক দশক পূর্তি
আনন্দ শোভাযাত্রা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ পাঠাগারের এক দশক পূর্তি উদ্যাপন করেছেন পাঠাগারের সদস্যরা। সকাল নয়টায় রামচন্দ্রপুর হাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কৃষ্ণগোবিন্দপুর কলেজ মিলনায়তনে এসে মিলিত হয়। পরে রানীহাটি ইউপির চেয়ারম্যান দুরুল হোদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমদাদুল হক, যুগ্ম সচিব মজিবুর রহমান, জেলা ও দায়রা জজ গোলাম হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ। l নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
ঈদ পুনর্মিলনী
দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক মো. নুরুন্নবীর বাসভবনে সংগঠনের জেলা সহসভাপতি আবদুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন মো. নুরুন্নবী। এ ছাড়া ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর উপজেলার নেতারাও এতে বক্তব্য দেন। l বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি