এ ক ন জ রে
লাশ উদ্ধার
ঢাকার সাভারের বংশী নদী থেকে গতকাল শনিবার দুপুরে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুরে বংশী নদীর তীরে ভিড়ে থাকা একটি শিশুর লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, চার-পাঁচ দিন আগে মারা যাওয়ার কারণে শিশুটির লাশ বিকৃত হয়ে গেছে। আর হত্যার পর শিশুটির লাশ নদীতে ফেলা হয়েছে কি না, তাও বোঝা যাচ্ছে না। l নিজস্ব প্রতিবেদক, সাভার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল শনিবার দুপুরে বাসের চাপায় আলম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আলম হোসেন (৩০) কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর গ্রামের মো. হাছান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের বোর্ডঘর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন আলম। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আলম নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। l গাজীপুর প্রতিনিধি