এ কী নির্মমতা!
দূর দেশের অসহনীয় শীত থেকে বাঁচতে তারা আশ্রয় নিয়েছিল হাওরের জলাশয়ে। ঝাঁক বেঁধে খাবার খুঁজছিল। কিন্তু শিকারিরা তাদের বাঁচতে দেয়নি। বিষটোপ দিয়ে তারা নিধন করেছে কয়েক শ পাখি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের গৌড়কুড়ি বিলের পূর্ব অংশে।সরেজমিনে দেখা যায়, চারদিকে ছোট ছোট জলাশয়। গৌড়কুড়ি বিলের মাঝখানে কিছু শুকনো জায়গায় লেনজা হাঁস, পাতি সরালি, ভুঁতি হাঁস, চকাচকিসহ বিভিন্ন জাতের কমপক্ষে পাঁচ শতাধিক নিষ্প্রাণ পাখি পড়ে আছে।পরিবেশ অধিদপ্তরের জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) পাহারাদার গয়েন্দ্র বিশ্বাস (৩৫) জানান, রোববার বিকেলে তিনি দেখতে পান গৌড়কুড়ির পূর্বে শুকনো জায়গায় বেশ কিছু পাখি আধামরা অবস্থায় পড়ে আছে। পশ্চিম গোবিন্দপুর গ্রামের আজাদ মিয়া (২২) ও সাজিদ আলী (২৫) পাখিগুলো কুড়িয়ে জবাই করে চটের বস্তায় ভরছিলেন। এ সময় বাধা দিলে দুই শিকারি তাঁকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে শিকারিরা তিনটি বস্তায় পাখিবোঝাই করে চলে যান। খবর পেয়ে ইউএনও মনীষ চাকমা, থানার ওসি মো. হাসানুজ্জামান, বন কর্মকর্তা রতন চন্দ্র দাস গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষের ধরন পরীক্ষার জন্য তাঁরা মৃত চারটি পাখি নিয়েছেন।ইউএনও মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই নির্মম। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা গাজী গোলাম মোস্তফা জানান, জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।