এ কে খন্দকার যুদ্ধাপরাধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রকাশিত এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে বই প্রসঙ্গে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেছেন, ‘এ কে খন্দকার তাঁর বইয়ে লিখেছেন, বঙ্গবন্ধু নাকি ৭ মার্চের ভাষণে জয় বাংলা, জয় পাকিস্তান বলেছেন। উনি তো সেখানে ছিলেন না। কিন্তু আমি তো ছিলাম। এখানে যাঁরা আছেন, আপনারা অনেকে সেখানে ছিলেন। আমরা তো শুনিনি।’
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে মুনতাসীর মামুন এ কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুনতাসীর মামুন বলেন, ‘এ কে খন্দকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছেন। এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু শেষ জীবনে এসে তিনি যুদ্ধাপরাধীদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছেন। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক।’ অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার কমান্ডার মো. সাহাব উদ্দিন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা কমান্ডার আবদুল হান্নান ও সহকারী কমান্ডার (প্রকল্প) জামালুল্লাহ। অনুষ্ঠান শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।