এ কে খন্দকারকে এখন 'মুক্তিযোদ্ধা' বলা যাবে না: সফিউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারকে এখন আর মুক্তিযোদ্ধা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেক্টরস কমান্ডারস ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ। তিনি দাবি করেন, ‘এ কে খন্দকার স্বাধীনতা যুদ্ধে যাননি। তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে কলকাতায় যান। আমরা যুদ্ধে গেছি মার্চ মাসে, উনি গেলেন মে মাসে। সোজা গিয়ে উঠলেন হেডকোয়ার্টারে। যুদ্ধের বাকি সময় তিনি সেখানেই অবস্থান করেন।’
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সেক্টরস কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় কে এম সফিউল্লাহ এসব কথা বলেন। তাঁর মতে, সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সভাপতি এ কে খন্দকার ‘১৯৭১: ভেতরে বাইরে’ বই লিখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। যিনি মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রচনা করতে পারেন, তিনি আর মুক্তিযোদ্ধা থাকতে পারেন না।
কে এম সফিউল্লাহ বলেন, ‘শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে “জয় পাকিস্তান” বলেছেন, এটা আমরা কখনো শুনিনি। উনি কীভাবে জানলেন? আমার জীবদ্দশায় কখনো “জয় পাকিস্তান” শুনিনি। শেখ মুজিব সাহেব হয়তো “পাকিস্তান জিন্দাবাদ” বলতে পারতেন। কিন্তু সেটা তো তাঁর বইয়ে এ কে খন্দকার লেখেননি।’ তিনি বলেন, এ কে খন্দকার বলেছেন, স্বাধীনতা যুদ্ধের নাকি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছিল না। কিন্তু সিদ্দিক সালিক তাঁর উইটনেস টু সারেন্ডার বইয়ের ৭৫ পৃষ্ঠায় বলেছেন, ২৫ মার্চের রাতে ফার্মগেটে পাকিস্তানি বাহিনী বাধার সম্মুখীন হন।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের ঢাকা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ পাটোয়ারী। আরও বক্তব্য দেন সেক্টরস কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন হাবীব, সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত, আবু ওসমান চৌধুরী, জিয়াউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সহসভাপতি সঞ্জয় কর্মকার ও উপ-সম্পাদক কুতুব-ই জাহান প্রমুখ।