এ কে খন্দকারকে ২৫ জুন আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১: ভেতরে বাইরে বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আগামী ২৫ জুন বইয়ের লেখক এ কে খন্দকারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মানহানির মামলায় গত ১৬ মার্চ আদালত মুক্তিযুদ্ধ চলাকালে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এ কে খন্দকার গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মনিরা সুলতানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এরপর হাকিম প্রথমে মামলার বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন।
পরে এ কে খন্দকারের পক্ষের আইনজীবীদের বক্তব্য উত্থাপন করতে বললে বাদীপক্ষের আইনজীবীরা আদালত ত্যাগ করে বাইরে গিয়ে বিভিন্ন রকম দলীয় স্লোগান দেন। তখন হাকিম এ কে খন্দকারের পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে পরে আদেশ দেবেন বলে এজলাস ত্যাগ করেন। দুপুরে খাসকামরা থেকে তিনি আদেশ পাঠান, এ কে খন্দকারকে নির্ধারিত তারিখ অনুযায়ী ২৫ জুন আদালতে হাজির হতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর এ কে খন্দকার ১৯৭১: ভেতরে বাইরে নামের একটি বই প্রকাশ করেন। প্রকাশিত
বইটিতে বঙ্গবন্ধু ও মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের এম এ ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি গত বছরের ১০ সেপ্টেম্বর এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান গত ২৮ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর গত ১৬ মার্চ আদালত এ কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন আদালতে হাজির হতে নির্দেশ দেন।