এ কে খন্দকারের বই বাজেয়াপ্তের বিপক্ষে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ১৯৭১: ভেতরে বাইরে বইটি বাজেয়াপ্ত করার বিপক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘কোনো বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ করে তাকে বাজেয়াপ্ত না করে অন্য একটি বই লিখে এর প্রতিবাদ বা ঘৃণা প্রকাশ করতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তন চত্বরে ‘মহানগর বই উত্সব-২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলা একাডেমির সহযোগিতায় ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’ এ বই উত্সবের আয়োজন করে।

বইটি নিয়ে গতকাল সংসদে সরকার দলীয় ও জাতীয় পার্টির সাংসদেরা এ কে খন্দকারের কঠোর সমালোচনা করেন। তাঁদের মতে, লেখক ইচ্ছে করে ভুল ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। কেউ কেউ বইটি নিষিদ্ধ করারও দাবি জানান।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গতকাল সংসদে একটা দাবি উঠেছে। আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি। বই যত বাজেই হোক না কেন, তা বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত বইমেলার সাফল্য কামনা করেন এবং  গ্রামাঞ্চলেও এ ধরনের বইমেলার আয়োজন করার আহ্বান জানান। এরপর তিনি বই উত্সবের উদ্বোধন করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস, গণগ্রন্থাগারের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি উসমান গণি প্রমুখ।

বই উত্সব ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উত্সবে বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমীসহ ৪৩টি সৃজনশীল প্রকাশনী অংশ নিয়েছে।