এ কে খন্দকারের বই বাজেয়াপ্তের বিপক্ষে অর্থমন্ত্রী
মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ১৯৭১: ভেতরে বাইরে বইটি বাজেয়াপ্ত করার বিপক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘কোনো বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ করে তাকে বাজেয়াপ্ত না করে অন্য একটি বই লিখে এর প্রতিবাদ বা ঘৃণা প্রকাশ করতে হবে।’
গতকাল শুক্রবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তন চত্বরে ‘মহানগর বই উত্সব, ২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বইটি নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দল ও জাতীয় পার্টির সাংসদেরা এ কে খন্দকারের কঠোর সমালোচনা করেন। কেউ কেউ বইটি নিষিদ্ধ করারও দাবি জানান।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সংসদে একটা দাবি উঠেছে। আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি। বই যত বাজেই হোক না কেন, তা বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।