এ কে খন্দকারের বইয়ের প্রকাশনা উৎসব আজ
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের (বীর উত্তম) ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায়। বেঙ্গল শিল্পালয় ধানমন্ডিতে আয়োজিত এ অনুষ্ঠানে ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম সভাপতিত্ব করবেন; প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ। লেখক এ কে খন্দকার (বীর উত্তম) বইটি রচনার পরিপ্রেক্ষিত বর্ণনা করবেন।
মুক্তিযুদ্ধে যোগ দেওয়া চাকরিরত বাঙালি সামরিক কর্মকর্তাদের মধ্যে এ কে খন্দকার ছিলেন সর্ব জ্যেষ্ঠ। যুদ্ধের নীতিনির্ধারণী কাজে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। ওই পর্যায়ে দায়িত্ব পালনকারী আর কোনো সামরিক কর্মকর্তা এ বিষয়ে আর কোনো বই লেখেননি। এ বইয়ে তিনি তাঁর মুক্তিযুদ্ধ চলাকালের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা লিখেছেন; উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে অজানা, কম জানা ও স্বল্প প্রচারিত কিছু বিষয়। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মূল্য ৪৫০ টাকা। অনুষ্ঠানে বইটি ৩৩৫ টাকায় পাওয়া যাবে বলে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে।