এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পরিকল্পনামন্ত্রী ও মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে করা মানহানির মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে আদালত রুল দিয়েছেন।
মামলা বাতিল চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে এ কে খন্দকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আদালত স্থগিতাদেশ ও রুল দিয়েছেন।
এ কে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বইয়ে বঙ্গবন্ধু ও মুজিব বাহিনী নিয়ো কটূক্তি করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের এম এ ইসহাক ভূঁইয়া গত বছরের ১০ সেপ্টেম্বর লেখকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। গত ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত এ কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন তাঁকে হাজিরের র্নিদেশ দেন। ১১ জুন এ কে খন্দকার ওই আদালতে জামিনের জন্য যান। তবে জামিন না পেয়ে পরে হাইকোর্টে আবেদন করেন। ২২ জুন এই মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান এ কে খন্দকার। এরপর তিনি মামলা বাতিল চেয়ে আবেদন করেন।