এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা
বিগত মহাজোট সরকারের পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের বিরুদ্ধে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মানহানির মামলা হয়েছে। সম্প্রতি তাঁর প্রকাশিত ১৯৭১: ভেতরে বাইরে বইয়ে মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগে এম এ ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
আদালতে বাদী নিজেকে মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুজিব বাহিনীর অধিনায়ক দাবি করেন। এরপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানজিদা আফরিন মামলাটি গ্রহণ করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাদীকে তাঁর মুক্তিযোদ্ধা সনদ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। সনদ দেখে আদালত পরবর্তী আদেশ দেবেন।
ইসহাক ভূঁইয়ার বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তাঁর বাবার নাম মৃত খলিল ভূঁইয়া। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী তানভীর ভূঁইয়া জানান, দণ্ডবিধি আইনের ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, এ কে খন্দকার ১৯৭১: ভেতর বাইরে বইয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন। ওই বাহিনীর বেশির ভাগ সদস্যকে মুক্তিযুদ্ধের মাঠে দেখা যায়নি। এ-জাতীয় লেখা মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনীর জন্য মানহানিকর। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এসব কথা লেখা হয়েছে।
বাদী ইসহাক ভূঁইয়া প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এ কে খন্দকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল পথে চলছেন এবং বর্তমান সরকারকে কলঙ্কিত করতে এ ধরনের মিথ্যাচার করছেন।
ইসহাক দাবি করেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি আদালতে যথাসময়ে তাঁর মুক্তিযোদ্ধা সনদ জমা দেবেন।