এ কেমন চলে যাওয়া
ঘরের ড্রইংরুমের দেয়ালে আটকে যায় চোখ। সেখানে ঝোলানো আছে কোনো এক পারিবারিক অনুষ্ঠানের আনন্দময় মুহূর্তের স্থির চিত্র। মাকে জড়িয়ে ধরেছেন হাস্যোজ্জ্বল মাহমুদুর রহমান। ছবিটার দিকে তাকাতেই চোখ ভিজে উঠছে বাড়ির বাসিন্দাদের। এই প্রাণখোলা হাসি আর দেখা যাবে না। ঘরজুড়ে তাই শূন্যতা, নীরব আহাজারি।
কৈশোরে যে পুকুরে দাপাদাপি করে সময় কেটেছে সেই পুকুরপাড়েই চিরদিনের মতো ঘুমিয়ে আছেন মাহমুদুর। বাড়িতে সবাই ডাকতেন হাসনাত আর বন্ধুরা ডাকতো জয় বলে। স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। সে লক্ষ্যে এগিয়েছিলেন বহুদূর। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে এলএলএম এ পড়ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ এক আইনজীবীর সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন। কিন্তু গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা চিরতরে থামিয়ে দিল সব।
কোরবানির ঈদের রাত। সন্ধ্যায় বাবা-মাকে গ্রামে রেখে নগরের বাকলিয়ায় অবস্থিত বাসায় ফিরে আসেন মাহমুদুর রহমান। রাত আটটার দিকে বাসায় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মাহমুদুরের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বাঁচানোর সব চেষ্টাই হয়েছিল। উন্নত চিকিৎসার কোনটিই বাদ যায়নি। কিন্তু ফেরানো গেল না মাহমুদুর ওরফে হাসনাতকে। মৃত্যুর সঙ্গে লড়ে ২২ অক্টোবর ভোররাতে চিরদিনের জন্য হারিয়ে গেলেন তিনি।
মাহমুদুরের পড়ার ঘরটা এখনো অক্ষত আছে। চারদিকে ছড়িয়ে থাকা বইগুলো আগের মতোই আছে। ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা গিটারটিও আছে। এই কক্ষে ঢুকে সন্তানকে খুঁজে ফেরেন বাবা মোহাম্মদ জাফরুল্লাহ।
সন্তান হারিয়ে শোকে স্তব্ধ জাফরুল্লাহ বলেন, ‘জীবনের সব আলোই নিয়ে গেল ছেলেটা। প্রতিদিন আদালতে যাওয়ার আগে আমাকে আদর করে আর কেউ বলবে না ‘বাবা বের হচ্ছি দোয়া করিও।’
শোকবার্তায় ভরে গেছে মাহমুদুরের ফেসবুক ওয়াল। বন্ধুদের সঙ্গে আর কখনো মেতে উঠবেন না আড্ডায়। কখনো আর গিটার বাজিয়ে আসর জমিয়ে তুলবেন না তিনি। না, মানতে পারছে না তাঁর বন্ধুরাও।
বিজিসি ট্রাস্ট্রবিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসের আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাউফিকা লিনা বলেন, ‘খুব চঞ্চল ও চটপটে ছিল মাহমুদুর। দুষ্টুমিও করত। কিন্তু তাঁর মায়ামায়া মুখখানার দিকে তাকিয়ে কখনো বকা দিতে পারিনি।’
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গানের দলও গড়ে তুলেছিলেন মাহমুদুর। পড়াশোনা আর আদালতে প্রশিক্ষণের ফাঁকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ডিজে শো করতেন তিনি। প্রায় সব আসরেই বাজাতেন একটি গান। ‘যে দেশে শাসন-বারন-সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে লইয়া যাই।’ সেই ইচ্ছাই কি পূরণ হলো মাহমুদুরের? সবাইকে ছেড়ে তাই এভাবেই চলে যাওয়া?