এ কেমন নির্মমতা!
চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয় যুবকটিকে। মৃত্যুর ৩০ ঘণ্টা পরও তাঁর লাশ পড়ে ছিল ঘটনাস্থলে। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি। উদ্ধার করেনি পুলিশও। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামের।নিহত ব্যক্তি হলেন কৃষিশ্রমিক সুবেল খালাসী (২৫)। তাঁর বাবার নাম মকবুল খালাসী।জানা যায়, গত বুধবার রাতে কলমিরচর গ্রামের ছোবাহান খালাসীর ঘরে চুরির অভিযোগে সুবেলকে আটক করে মারধর করা হয়। এরপর সারা রাত তাঁকে ওই বাড়িতে বেঁধে রাখা হয়। সকালে অচেতন অবস্থায় সুবেলকে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে ১৫০ থেকে ২০০ গজ দূরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেও সুবেলকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। বাড়িতেও তাঁকে মারধর করে ছোবাহান খালাসীর লোকজন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে সুবেল মারা যান। শুক্রবার রাত আটটা পর্যন্ত লাশ সেখানেই পড়ে ছিল।স্থানীয় লোকজন জানান, থানায় খবর দিলেও পুলিশ আসেনি। প্রভাবশালী ছোবাহান খালাসীদের ভয়ে পরিবারের কেউ লাশ দাফনের উদ্যোগ নেয়নি।গত শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) শহীদুর রহমানকে বিষয়টি জানান। এসপির নির্দেশে জাজিরা থানার পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।শুক্রবার রাতে মকবুল খালাসী অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেছেন।মকবুল খালাসী জানান, তিনি পদ্মারচরে থাকেন। ছেলেকে মারধরের খবর পেয়ে তিনি বাড়ি এসে দেখেন, সুবেলকে রশি দিয়ে বাড়ির আঙিনায় বেঁধে রাখা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আসার কিছুক্ষণ পরই সুবেল মারা যায়। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে থানায় খবর দিতে পারিনি। লাশ দাফন করতে পারিনি।’জানা যায়, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য শুক্রবার বিকেলে কলমিরচর গ্রামের লোকজন কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে বৈঠকে বসে। বৈঠকে সুবেলের বাবাকে আর্থিক সহায়তা দিয়ে ঘটনাটি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়।কুণ্ডেরচর ইউপি চেয়ারম্যান মো. মোতালেব মিয়া বলেন, গ্রামবাসীর অনুরোধে সুবেলের পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।ছোবাহান খালাসীর বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। পরিবারের নারীরা বলেন, তাঁদের বাড়িতে চুরি করতে এসে সুবেল ধরা পড়েন। এলাকার মানুষ উত্তেজিত হয়ে তাঁকে পিটুনি দেয়।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ দাবি করেন, শুক্রবার সন্ধ্যার আগে কেউ ঘটনাটি থানায় জানায়নি।