এ কেমন নিষ্ঠুরতা!
একটি মাত্র মুঠোফোন চুরির অভিযোগে সীতাকুণ্ডে এক হেফজখানার ছাত্রকে নির্মমভাবে বেত্রাঘাত করেছেন এক শিক্ষক। তা-ও আবার নষ্ট মুঠোফোন চুরির অভিযোগে। ওই ছাত্রের নাম ইউছুপ খান (১২)। শিক্ষক হাফেজ আবদুর রহমানের বেত্রাঘাতে ছাত্রটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বড় হুজুরের হস্তক্ষেপে অন্য ছাত্ররা অজ্ঞান অবস্থায় স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফেরে।
নির্মম ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা গ্রামের ঢাকা-চট্টগ্রাম রেললাইনসংলগ্ন ইবনে আব্বাস (রহ.) হেফজখানায়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইউছুপ ফেনী জেলার ফাজিলপুরের সুলতাল আহমঞ্চদের ছেলে।
অত্যাচারের বর্ণনা দিয়ে আহত ইউছুপ বলে, ‘কিছুদিন আগে হুজুরের একটি নষ্ট মোবাইল হারিয়ে যাবার পর আমি পেয়ে অন্য এক ছাত্রের কাছে জমা রেখে গ্রামের বাড়িতে যাই। মাদ্রাসায় পাঞ্জাবি দেওয়ার কথা বলে আজকে আমাকে (গতকাল) হলে আসতে বলা হয়। হলে ঢোকার পর হুজুর আমার ব্যাগসহ সবকিছু জব্দ করেন। তারপর অন্য ছাত্রদের দড়ি এনে দিতে বলেন। ছাত্ররা দড়ি এনে দিলে তা দিয়ে হাত-পা বেঁধে বেত দিয়ে পেটাতে থাকেন হুজুর। বেত্রাঘাতে জ্ঞান হারিয়ে ফেলি।’
তারপর কী হয়েছে, কীভাবে ডাক্তারের দোকানে আনা হয়েছে, সে কথা বলতে পারে না ইউছুপ। ঘটনার পর শিক্ষক আবদুর রহমান পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।
ইবনে আব্বাস (রহ.) হেফজখানার বড় হুজুর আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এক মাস আগ থেকে হাফেজ আবদুর রহমানকে বিদায় করে দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিচালনা পর্ষদের সঙ্গে কথা হয়েছে, তাঁকে বহিষ্কার করা হবে।