এ কেমন পুলিশি তল্লাশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য ইয়াবা রাখার অভিযোগে মামলা দেওয়ার হুমকি দিয়ে এক বাসযাত্রীর কাছ থেকে ৪৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বগুড়ার মোকামতলা পুলিশ চৌকিতে এ ঘটনা ঘটে। ওই চৌকির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ইসমাইল হোসেন (২৮) নামে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার ডিপজল পরিবহনের একটি বাসে করে রংপুর থেকে তিনি ঢাকায় আসছিলেন। রাত একটায় মোকামতলায় তল্লাশিচৌকির সামনে পুলিশ বাসটি থামায়। এরপর পোশাকধারী একজন পুলিশ সদস্য আর সাদাপোশাকের আরেক ব্যক্তি বাসে উঠে যাত্রীদের তল্লাশি শুরু করেন। ইসমাইল হোসেনের ল্যাপটপের ব্যাগে ৪৩ হাজার ৫০০ টাকা ছিল।

ইসমাইল বলেন, ‘তল্লাশির জন্য বাসে ওঠা সাদাপোশাকধারী লোকটির বয়স আনুমানিক ৩৫। তিনি আমার ব্যাগ তল্লাশি করেন। তল্লাশি করার সময় আমার ব্যাগে পাসপোর্ট ও ল্যাপটপের পেছনে রাখা টাকার বান্ডিল দেখে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, কোন দেশে থাকেন? বলি, মালয়েশিয়া। তখন লোকটি আমার সফরসঙ্গী বন্ধুর শরীর তল্লাশি করে তাকে নিচে নামিয়ে নিয়ে যান। আমাকেও নামতে বলেন। আমি বললাম, আমি কেন নামব? এ কথা শুনে পোশাকধারী পুলিশটি আমাকে বলেন, ‘‘যা বলি তাই শোনেন, নইলে এমন কেসে ফাঁসায় দিব, জীবনে জামিন পাবেন না।”’

ইসমাইল জানান, তাঁকে নামিয়ে পুলিশ চৌকিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সাদাপোশাকের লোকটি তাঁকে বলেন, ‘আপনারা তো ইয়াবা ব্যবসা করেন। বড় স্যার আসার আগে ঝামেলা মিটায় ফেলেন। বিদেশে তো ভালোই টাকা কামান। টাকার জন্য জীবন নষ্ট করার দরকার নাই। এক লাখ টাকা দিয়ে চলে যান।’ এ সময় পুলিশ সদস্যটি পাশেই বসে ছিলেন।

টাকা ছিনিয়ে নেওয়ার পর ইসমাইল ও তাঁর বন্ধুকে ডিপজল পরিবহনের আরেকটি বাসে উঠিয়ে দেওয়া হয়।

আগের বাসের সুপারভাইজার আউয়াল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে মোকামতলা তল্লাশি চৌকির সামনে পুলিশ তাঁদের বাসটি থামিয়ে দুজন যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। কারণ জানতে চাইলে পুলিশ জানায়, যাত্রীদের কাছ থেকে অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কী উদ্ধার করা হয়েছে জানতে চাইলে পুলিশ ধমক দিয়ে দ্রুত চলে যেতে বলে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোকামতলায় ওই পুলিশ চৌকির দায়িত্বে ছিলেন পার্শ্ববর্তী শিবগঞ্জ থানার এএসআই আবদুল মমিন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ডিপজল পরিবহনের কোনো বাসে উঠিনি। কে টাকা নিয়েছে বলতে পারছি না।’ ওই সময় চৌকিতে পুলিশের কে কে দায়িত্বে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশের চালক ছিল শাহ আলম। এ ছাড়া আউয়াল, মুকুল ও মশিউর নামে তিন কনস্টেবল ছিল দায়িত্বে।’ সাদা পোশাকের কেউ পুলিশের কাজে সহযোগিতা করছিল কি না, জিজ্ঞেস করলে এএসআই মমিন বলেন, আজহার আর বুলু নামে ট্রাক শ্রমিক ইউনিয়নের দুজন দালাল পুলিশের সঙ্গে ছিল। পুলিশ বাহিনীর সদস্য নয়, এমন ব্যক্তিরা কী করে পুলিশের তল্লাশিতে অংশ নেয়—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা এমনি এমনি ওঠে।’

পুলিশের কেউ যাত্রীদের টাকা নিয়েছেন কি না, জানতে চাইলে এএসআই আবদুল মমিন বলেন, ‘পুলিশের কেউ টাকা নেয়নি। আজহারই নিয়েছে বলে শুনেছি।’

শ্রমিক ইউনিয়নের দালাল আজহারের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আমি টাকা নেইনি। আমি ট্রাক শ্রমিক ইউনিয়নে কাজ করি।’ ঘটনার সময় পুলিশের কে তাঁর সঙ্গে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। নাম পড়তে পারি না।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ চৌকির ইনচার্জ এসআই শামীম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন নির্বাচনী দায়িত্বে একটা চরে আছি। কথা বলতে পারব না।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘তিনি গাবতলীতে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত আছেন। প্রাথমিকভাবে পুলিশ সদস্যরা ঘটনা অস্বীকার করেছেন। নির্বাচন শেষ হলে চৌকির ইনচার্জসহ সবার সাথে কথা বলব।’