এ কেমন প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে চাল নেই। তেল-মরিচ-লবণও নেই। ছেলে বিদেশে থাকেন। বৃদ্ধ মা-বাবার খাওয়া খরচের জন্য মাঝেমধ্যে টাকা পাঠান। সেই টাকা গতকাল বুধবার একটি ব্যাংক থেকে তোলেন বৃদ্ধ সহিমুদ্দিন। তারপর ওই টাকা লুটে নিয়েছে এক প্রতারক।গতকাল বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের জানাতে মানিকগঞ্জ প্রেসক্লাবে আসেন সহিমুদ্দিন (৮০) ও তাঁর স্ত্রী নয়না বেগম (৬৫)। কাঁদতে কাঁদতে তাঁরা বলেন, জমিজমা বলতে তাঁদের এখন কিছুই নেই। বড় দুই ছেলে বিয়ে করার পর আলাদা থাকেন। তাঁদের দেওয়ার পর ২৫ শতাংশ আবাদি জমি ছিল বৃদ্ধ সহিমুদ্দিনের। বছর পাঁচেক আগে তা-ও বিক্রি করে ছোট ছেলে আজাদ হোসেনকে সৌদি আরবে পাঠান তাঁরা। এখন থাকেন সদর উপজেলার চরমকিমপুর গ্রামে। সহিমুদ্দিন বলেন, শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখা থেকে গতকাল তিনি ছেলে আজাদের পাঠানো ১৩ হাজার টাকা ওঠান। ওই ব্যাংকেই অপরিচিত এক যুবক এসে আজাদের বন্ধু পরিচয় দেয়। ওই যুবক তাঁকে বলে, ‘আমি আপনার ছেলের (আজাদ) সঙ্গে সৌদি আরব ছিলাম। আজাদ আমার কাছে ৫০ হাজার টাকা ও একটি কম্বল পাঠিয়েছে। আমার সঙ্গে চলেন।’সহজ-সরল সহিমুদ্দিন ওই যুবকের কথা বিশ্বাস করে ব্যাংক থেকে ৩০০-৩৫০ গজ দূরে শহরের পশ্চিম দাশোড়া এলাকায় যান। এরপর ওই যুবক সহিমুদ্দিনের কাছ থেকে কৌশলে ১৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। আধা ঘণ্টা পেরিয়ে গেলেও ওই যুবক না আসায় সহিমুদ্দিন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।‘বাড়িতে চাল-ডাল নাই। মানুষ এমন হয়!’ বলেই কাঁদতে থাকেন সহিমুদ্দিনের স্ত্রী নয়না বেগম।সাংবাদিকদের সহায়তায় সহিমুদ্দিন ও তাঁর স্ত্রী বিষয়টি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে দায়িত্বরত অবস্থায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামকে জানান। ওসি তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।