এ কেমন প্রতিবাদ!
দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর সুইপার কলোনির বাসিন্দারা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফুলবাড়ী আবাসিক দপ্তরের প্রকৌশলীর নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর প্রতিবাদে ওই কলোনির বাসিন্দারা বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর দপ্তরসহ শহরের ব্যস্ততম এলাকার রাস্তায় মলমূত্রসহ মৃত কুকুরের নাড়িভুঁড়ি ছড়িয়ে শহরকে দুর্গন্ধময় করে তোলেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় বিদ্যুৎ দপ্তরের লোকজন ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পড়েছেন। ফলে চাইলেও এর আগে ওই কলোনির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায়নি। তবে বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টায় পিডিবি ফুলবাড়ী আবাসিক দপ্তরের প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ কর্মীরা ওই সংযোগ বিচ্ছিন্ন করেন। আর সন্ধ্যা ছয়টার দিকে কলোনির বাসিন্দারা বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর দপ্তরসহ শহরের ব্যস্ততম এলাকা ননী গোপাল মোড়, নিমতলা মোড়, উর্বশী সিনেমা হলের সামনে, টিটি মোড়, বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় মলমূত্রসহ মৃত কুকুরের নাড়িভুঁড়ি ছিটিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। ব্যবসায়ীরা শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। বন্ধ হয়ে যায় শহরের চলাচল।
প্রতিবাদকারী কার্তিক, ময়না রাণীসহ কয়েকজন বলেন, ২৩ বছর আগে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁদের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। তাঁদের বিদ্যুৎ বিল দিতে হবে না বলেও চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন। তখন থেকেই তাঁরা বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করেই তাঁদের কিছু না বলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ কারণে তাঁরা মলমূত্রসহ গলিত কুকুরের নাড়িভুঁড়ি ছিটিয়ে প্রতিবাদ করছেন।
ফুলবাড়ী আবাসিক দপ্তরের প্রকৌশলী মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কলোনির বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ‘বিড়ালের গলায় কেউ ঘণ্টা বাঁধেনি’। তিনি ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধায়’ এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেয়রসহ স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাতেই একটি মিটার বসানো হয়েছে। বাকিরা মিটার নিলেই তাদের সংযোগ দেওয়া হবে।