এ কেমন প্রতিশোধ!
বাগেরহাটের চিতলমারীতে সামছুল আলম হত্যা মামলার আট আসামির আটটি বসতঘরসহ মোট ১২টি ঘর বাদীপক্ষের সমর্থকেরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। গত রোববার দিবাগত রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। যাঁদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁরা হলেন সাঈদ বিশ্বাস, ওয়াদুদ বিশ্বাস, টুটুল বিশ্বাস, পান্না বিশ্বাস, মিতুল বিশ্বাস, মাস্তু বিশ্বাস, টিনু বিশ্বাস ও ওয়াহিদ বিশ্বাস। টিনু বিশ্বাসের মা জাহানারা বেগম, সাঈদ বিশ্বাসের ভাইঝি ময়না ও পান্না বিশ্বাসের স্ত্রী আসমা বেগম বলেন, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ৫০-৬০ জন লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁদের কাছ থেকে মুঠোফোন নিয়ে নেয়। এরপর তাঁরা তাঁদের ঘরে আগুন ধরিয়ে দেয়। জাহানারা ও আসমা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা চিতলমারী থানায় দায়ের করা সামছুল আলম হত্যা মামলার বাদীপক্ষের আত্মীয় ও সমর্থক। ওই হত্যা মামলার আসামি হওয়ায় তাঁদের পরিবারের পুরুষেরা এখন গ্রামছাড়া। এই সুযোগে প্রতিপক্ষ তাঁদের ঘর পুড়িয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কাছে তাঁরা এদের নাম বলেছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোররাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাগেরহাট থেকে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১২টি ঘর পুড়ে যায়। চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। কারা এসব ঘরে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। তিনি আরও জানান, চিংগুড়ি গ্রামের মহসীন মীর ও রুহুল আমিন শরীফের মধ্যে মধুমতী নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে গত ১৮ এপ্রিল মহসীনের সমর্থক হিসেবে পরিচিত সামছুল আলমকে কুপিয়ে হত্যা করা হয়। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর গৃহকর্তারা এ ঘটনায় হওয়া হত্যা মামলার আসামি। তারা সবাই পলাতক রয়েছেন। মহসীন মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।