এ কেমন প্রশিক্ষণ!
একেকটি প্রশিক্ষণের মেয়াদ তিন ঘণ্টা। সেই প্রশিক্ষণ আধা ঘণ্টায় শেষ। প্রশিক্ষক নেই। অতিথি বক্তা থাকার কথা ১৫ জন। ছিলেন দুই থেকে তিনজন। যাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে, তাঁরা নেই। এই অদ্ভুত ধারার প্রশিক্ষণের জন্য বরাদ্দের ৯৫ শতাংশ অর্থই লোপাট করা হয়েছে। এসব অনিয়ম স্বীকার করেই প্রশিক্ষণ আয়োজনকারী বেসরকারি সংগঠনের (এনজিও) প্রধানের দম্ভোক্তি, ‘ঢাকায় টাকা দিয়ে এসব প্রশিক্ষণ এনেছি, টাকা তো তুলতে হবে।’
এসব অনিয়ম হয়েছে চুয়াডাঙ্গায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ‘বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি’র নামে। এর দায়িত্ব পেয়েছিল স্থানীয় এনজিও ‘সূর্যমুখী সাতক্ষীরা’।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির আওতায় দেশব্যাপী এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলার একটি নির্দিষ্ট জায়গায় তিন দফায় ৭৫ জনের এ প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা। তাঁদের মধ্যে আছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কাজি, ইমাম এবং এনজিও প্রতিনিধি ২৫ জন ও কিশোর-কিশোরী ২৫ জন। ৭৫ জন অংশগ্রহণকারীর প্রত্যেকের জন্য যাতায়াত ভাড়া ৩০০ টাকা, নাশতা ৫০ টাকা, দুপুরের খাবার ৩০০ টাকা এবং উপকরণ বাবদ ১৫০ টাকা। সব মিলিয়ে মাথাপিছু বরাদ্দ ৮০০ টাকা। এ ছাড়া তিন দফায় অংশগ্রহণকারী মোট ১৫ জন অতিথি বক্তার এক হাজার টাকা করে সম্মানী এবং তিন দফায় ছয়জন প্রশিক্ষকের পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা সম্মানী এবং শোভাযাত্রা বাবদ ৩০ হাজার টাকা বরাদ্দ।
‘সূর্যমুখী সাতক্ষীরা’ গত বৃহস্পতিবার দুটি জায়গায় এ প্রশিক্ষণের আয়োজন করে। তবে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় দিনব্যাপী (তিন দফায় নয় ঘণ্টা) প্রশিক্ষণ ২৫ থেকে ৩০ মিনিটে শেষ করেছে। তেমনি প্রশিক্ষণের জন্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ থাকলেও প্রতিটি প্রশিক্ষণে মাত্র সাত হাজার থেকে আট হাজার টাকা খরচ করা হয়েছে।
সরেজমিন দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, তিন দফার প্রশিক্ষণ বিকেল ৫টা ৫০ মিনিটে শুরু হয়ে ৬টা ১৫ মিনিটে শেষ করা হলো। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল প্রধান অতিথি ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজকুমার পাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এনজিওটির কার্যক্রমে তাঁরাও বিস্মিত হন। ব্যানারে সহযোগিতায় জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয় লেখা থাকলেও ওই প্রতিষ্ঠানের কাউকে সেখানে দেখা যায়নি। বিদ্যালয়ের আশপাশ থেকে মোট ৫০ জন নারী-পুরুষ ও শিশুকে তাৎক্ষণিকভাবে ডেকে আনা হয় এবং দুটি কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এঁদের ১০০ টাকা দেওয়ার কথা বলে ডেকে আনা হয়। পরে নাশতা বাবদ আরও ১৫ টাকা করে দেওয়া হয়।
এনজিওটির চুয়াডাঙ্গা সদর উপজেলায়ও একই রকম অনিয়ম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধা ঘণ্টার জন্য কথিত প্রশিক্ষণের আয়োজন করে। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের ছাত্র মিলে ৫০ জনকে হাজিরা ও সম্মানীর কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে ১০০ টাকা করে দেওয়া হয়। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবকে প্রধান অতিথি ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা কুলকে বিশেষ অতিথি করা হয় এবং তাঁদের দুজনকে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে, এনজিওটি সদরের অনুষ্ঠানে মাত্র সাত হাজার টাকা খরচ করে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছে। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার সভাপতিকে অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে দেখানো হলেও এনজিওর নির্বাহী পরিচালক তাঁদের মাত্র ২০০ টাকা করে সম্মানী দিতে গেলে তাঁরা তা নেননি।
সূর্যমুখীর নির্বাহী পরিচালক রাশিদা মীর্জা এসব অনিয়মের বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘বড় অঙ্কের টাকা খরচ করে কাজটি পাওয়া গেছে। টাকা তো তুলতে হবে।’ তিনি দাম্ভিকতার সঙ্গে বলেন, ‘কাগজে লিখে কোনো লাভ হবে না। ওপর মহলকে ম্যানেজ করেই কাজ করছি। এ ধরনের প্রোগ্রাম এমনই হয়।’
‘ঢাকায় বড় অঙ্কের টাকা খরচ করে কাজটি পাওয়া গেছে—রাশিদা মীর্জার এমন দাবিকে অবান্তর বলে দাবি করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্পের প্রধান মো. আমিনুল ইসলাম। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘এসব এনজিওকে এখনো টাকা দেওয়াই হয়নি। তবে তারা প্রশিক্ষণটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রশিক্ষণ শেষে বিল করে টাকা তুলবে। এমনভাবে যদি অপব্যয় করা হয়, তবে বিষয়টি আমি দেখব।’
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা বেগম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অতীতে কখনো এমন অনিয়ম ও লুটপাট দেখা যায়নি। পাশের জেলা মেহেরপুরে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অতিথি করা হলেও এখানে তা করা হয়নি।