এ কেমন বর্বরতা!
স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করায় স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। চোখ, মুখ ও হাত বেঁধে তাঁর গোপনাঙ্গে ইটের টুকরো ঢোকানোর পর গাছে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরার তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামে গৃহবধূর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তালা উপজেলার শুকদেব গ্রামের ওই গৃহবধূ জানান, চার মাস আগে তাঁর স্বামী আবদুর জব্বার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যান। উপায় না পেয়ে তিনি বাপের বাড়িতে চলে যান এবং স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করেন। গত মাসের শেষের দিকে সে জামিনে মুক্তি পায়। এরপর থেকে মামলা তুলে নিতে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।গৃহবধূর অভিযোগ, গত বৃহস্পতিবার তিনি বাপের বাড়ির ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে আবদুর জব্বার তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে তাঁর স্বামী, দেবর আবদুর রহমান এবং শফিকুল তাঁর চোখ, মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে উঠানে নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর গোপানাঙ্গে ইটের টুকরো ঢোকানো হয়। পরে রক্তাক্ত জখম অবস্থায় গলায় দড়ি দিয়ে একটি আমগাছের ডালে ঝুলিয়ে দেওয়ার সময় দড়ি খুলে মাটিতে পড়ে যান। শব্দ শুনে তাঁর বোন ছুটে এলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর ভাই শওকত হোসেন বাদী হয়ে আবদুর জব্বারসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।তিনি অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উপরন্তু আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, ওই গৃহবধূর গোপনাঙ্গ ও গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁর গোপনাঙ্গ থেকে ইটের টুকরো বের করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপরিদর্শক লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।