এ কেমন রেড অ্যালার্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে থেকে রেড অ্যালার্ট জারি করা হলেও বগুড়ার গুরুত্বপূর্ণ সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নাশকতা প্রতিরোধে গত দুই দিনে কোনো কার্যক্রম চোখে পড়েনি। জানা গেছে, জামায়াতের ডাকা প্রতিটি হরতালে ট্রেন ও রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। সাধারণত স্টেশন এলাকার পাশে থেমে থাকা কামরাগুলোতে শিবিরের কর্মীরা অগ্নিসংযোগ করে সটকে পড়েন। গত দুই দিনে জামায়াতের ডাকা হরতালে জয়পুরহাট ও বগুড়া স্টেশনের পাশের এলাকায় রেললাইনের স্লিপারের পিন খুলে ফেলে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। এ ধরনের নাশকতা প্রতিরোধে গতকাল বুধবার রেলওয়ে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল জোনের কয়েকটি স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড অ্যালার্ট জারি করে। এর মধ্যে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনও রয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে স্টেশন এলাকায় জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও দেখা যায়নি। স্টেশনসংলগ্ন ক্যারেজ এলাকায় ট্রেনের অসংখ্য কামরা থাকলেও সেগুলো পাহারার দায়িত্বে কোনো নিরাপত্তাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ব্যারাকে তার বাহিনী প্রস্তুত রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যথাসময়ে ব্যবস্থা নেবে। রেড অ্যালার্টের কারণে তাঁর থানায় ১০ জন অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন স্টেশনে পাঠানো হয়েছে।এ বিষয়ে সান্তাহার স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক জালাল উদ্দীনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।