এ কেমন শক্রতা
নরসিংদীতে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সদর উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন মিয়া ও তাঁর তিন বন্ধু মাছ চাষের জন্য কাঁঠালিয়া গ্রামের চার বিঘা আয়তনের একটি পুকুর ভাড়া নেন। তাঁরা সাত মাস আগে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা ছাড়েন। লিটন মিয়া বলেন, ‘সোমবার সন্ধ্যা পর্যন্ত মাছের পরিচর্যা করি। মঙ্গলবার সকালে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে।’ তিনি অভিযোগ করেন, স্থানীয় সুজন মিয়া, সজিব মিয়া, আলমাছ মিয়া ও বদু মিয়ার সঙ্গে বেশ কিছু দিন ধরে তাঁদের বিরোধ চলছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাঁরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এতে তাঁদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ব্যাপারে এলাকায় গিয়ে সুজন মিয়া, সজিব মিয়া, আলমাছ মিয়া ও বদু মিয়াকে পাওয়া যায়নি। তবে তাঁদের পরিবারের সদস্যরা জানায়, লিটন মিয়ার সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো ছিল না। তবে এই কারণে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ সঠিক নয়। তাঁদের ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।