এ কেমন শত্রুতা!
নাটোরের সিংড়া পৌর এলাকার দমদমা মাঠে শুক্রবার বিকেলে ছয় বিঘা জমির কাঁচা বোরো ধান কেটে নষ্ট করেছে প্রতিপক্ষ। সিংড়া থানা সূত্রে জানা যায়, বর্গাচাষি বাহার উদ্দিন ও সরূপ সরদার দমদমা মাঠের ছয় বিঘা জমিতে এবার বোরো ধানের আবাদ করেছিলেন। ধানে ইতিমধ্যে থোড় এসেছিল। শুক্রবার বিকেলে একই এলাকার মিজানুর রহমান, আবদুল মতিন ও ঝর্ণা বেগম ওই জমির মালিকানা দাবি করে জমির দখল নেন। তাঁরা বেশ কিছু সশস্ত্র লোকজন নিয়ে জমিতে এসে জমির ধান কেটে নষ্ট করেন। বাহার উদ্দিন জানান, ধানচাষে তাঁদের ৬০ হাজার টাকা খরচ হয়েছে। ধান ওঠার আগমুহূর্তে তাঁদের এই সর্বনাশ করা হয়েছে। ঘটনাটি তাঁরা সিংড়া থানাকে জানিয়েছেন। সূত্র আরও জানায়, দমদমা মাঠের ওই ছয় বিঘা জমির মালিক ছিলেন কাটাপুকুরিয়া গ্রামের আবুল কাশেম ফকির। তিনি ওই জমি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে ঋণ নেন। তিনি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। ১৯৯২ সালে ব্যাংক ওই জমি নিলামে তুললে জনৈক মাহফুজুর রহমান তা কিনে নেন। পরে মাহফুজ ওই জমি বাহার উদ্দিন ও সরূপ সরদারের কাছে বর্গা দেন। মাহফুজুর রহমান জানান, বন্ধকের দায়ে অনেক আগেই এই জমি ব্যাংক নিলাম করেছে। তিনি ব্যাংকের কাছ থেকে জমিটি কিনে বর্গা দিয়ে আসছেন। এ ব্যাপারে মিজানুর রহমানরা মামলা করে জিততে পারেননি। হঠাৎ করে জমির দখল নেওয়ার জন্য তাঁরা তাঁর বর্গাচাষির উঠতি ধান কেটে নষ্ট করেছেন। মিজানুর রহমান বলেন, ‘এটা আমাদের জমি। ব্যাংক অন্যায়ভাবে জমি বিক্রি করেছে। আমরা নিম্ন আদালতে মামলায় হেরে গেলেও উচ্চ আদালতে রিট করেছি। রিট এখনো চালু আছে।’ সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মন্তেজার রহমান বলেন, ‘ধান কাটার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।