এ কেমন শত্রুতা!
বিদ্যালয়ের ভবন আছে, কক্ষ আছে, আসবাবেরও সংকট নেই। তা সত্ত্বেও শিক্ষার্থীরা মাঠে বসে ক্লাস করছে। কারণ শত্রুতাবশত বিদ্যালয়ের সব কক্ষের (পাঁচটি শ্রেণীকক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ) তালার ভেতরে কাঠি ঢুকিয়ে রাখায় ক্লাসে ঢুকতে না পেরে তাদের এ ভোগান্তি। গতকাল রোববার নিয়ে গত এক বছরে সাতবার এমন ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার বাগদহা-মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে।বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অভিযোগ করেন, প্রায়ই বিদ্যালয়ের সব কক্ষের তালার ভেতরে ঝাড়ুর কাঠি ঢুকিয়ে রাখা হয়। এতে শ্রেণীকক্ষে ঢুকতে না পেরে বিদ্যালয় মাঠে বসেই শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। গতকাল সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী তীব্র রোদে মাঠে বসে পাঠ নিচ্ছে। আর বিদ্যালয়ের ছয়টি কক্ষই তালাবদ্ধ। প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী বলেন, ‘প্রায়ই আমাদের শিক্ষকদের প্রথম কাজ থাকে বিদ্যালয়ে এসে তালা ভাঙা বা মিস্ত্রি দিয়ে তালা খোলা।’ তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) বিদ্যালয়ে এসে দেখি ছয়টি কক্ষের তালাতেই কাঠি ঢোকানো।’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রেজাউল করিম বলে, গত বুধবারও কে বা কারা বিদ্যালয়ের তালায় কাঠি ঢুকিয়ে রেখেছিল। অভিভাবক হোসনে আরা বলেন, ‘আমরা মাঝেমধ্যেই শুনি স্কুলের তালায় কে বা কারা কাঠি ঢুকিয়ে রাখে।’ প্রধান শিক্ষক আরও বলেন, ‘এ ঘটনা প্রতিরোধে আমি দুইবার সভা করেছি, অভিভাবকদের বলেছি, তার পরও কিছুই হচ্ছে না।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘এই শত্রুতা কারা করছে কিছুই অনুমান করতে পারছি না।’উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আমি ঘটনাটি জেনে প্রধান শিক্ষককে লিখিত দিতে বলেছি। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।’