এ কেমন শাস্তি?

সড়কের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার দিকে তাকিয়ে কয়েকজন রিকশাওয়ালা। পাশেই পুলিশের গাড়ি। আগুনের দিকে তাকিয়ে আছেন পুলিশ সদস্যদেরও কেউ কেউ।
না, এ আগুন কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্ত দেয়নি। কোনো বিক্ষোভের আগুনও নয়। এক রিকশাওয়ালাকে শাস্তি দিতে গিয়ে খোদ পুলিশই রিকশাটির সিট রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। গত সোমবার রাতে রাজধানীর রমনা থানার পরীবাগ এলাকার বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
সড়কের মধ্যে আগুন দেখে এ প্রতিবেদক এক পুলিশ সদস্যের কাছে ঘটনার কারণ জানতে চান। তিনি বলেন, ‘খারাপ মহিলাদের কাছে গেছিল। তাই তারে এ শাস্তি দিছি।’ এ কথা বলতে বলতেই অন্য রিকশাওয়ালাদের সতর্ক করছিলেন ওই পুলিশ সদস্য। তিনি বলছিলেন, ‘তোরাও যদি যাস, তাইলে পুরা রিকশা পুড়াইয়া দিমু।’
এমন ‘শাস্তি’ পাওয়ার পরও রিকশাওয়ালার নিস্তার মেলেনি। রিকশাও আটকে রাখা হয়েছিল তাঁর। তাই ভুক্তভোগী রিকশাওয়ালা কয়েকটি ১০ টাকার নোট সাধছিলেন ওই পুলিশ সদস্যকে। পুলিশ সদস্য বললেন, ‘যা, গাড়িতে স্যার বসা আছেন। স্যারের কাছে যা।’ ওই রিকশাওয়ালা গাড়িতে থাকা ‘স্যারের’ কাছে টাকা দিয়ে রিকশা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
গাড়িতে যে ‘স্যার’ বসা, তিনি রমনা থানার এএসআই মুজিবুর রহমান। পরে মুঠোফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় শাস্তি দিছি।’
‘আগুন দেওয়া কি আইনে আছে?’—জানতে চাইলে তিনি বলেন, ‘না, আইনের দিকে গেলে তো অনেক সময় লাগত। তাই শটকাট শাস্তি দিছি।’
কিছুক্ষণ অবস্থান করে ঘটনাস্থল থেকে চলে যায় পুলিশের গাড়ি। তারপর অন্য রিকশাওয়ালারা পুলিশদের বিষোদ্গার করতে থাকেন। একজন বললেন, ‘গরিব লোকডার সিটও পুড়াইল, টাকাও দিতে হইল। এডা কেমন শাস্তি?’